১৪ থেকে ১৯ জুলাই পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হলো ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। শনিবার প্রতিযোগিতার শেষদিন একক ইভেন্টের ফাইনালগুলো রোমাঞ্চ ছড়ায়।
পুরুষ এককের ফাইনালে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ। আল আমিন জুমারকে ২১-১৪ ও ২১-৪ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন এ শাটলার। নারী এককের ফাইনালে রীতিমতো চমক দিলেন নাছিমা খাতুন। পাবনা থেকে উঠে আসা এ নারী শাটলার প্রথমবারের মতো শিরোপা জিতেছেন।
ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন সাবেক চ্যাম্পিয়ন ঊর্মি আক্তার। তাকে ১২-২১, ২১-১৭ ও ২১-১৭ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নাছিমা। দ্বৈত ইভেন্টেও শিরোপা জিতেছেন এ নারী শাটলার। বৃষ্টির সঙ্গে জুটি গড়ে শিরোপা জিতে নেন তিনি। সিফাত উল্লাহর সঙ্গে জুটি গড়ে মিক্সড ডাবলেও চ্যাম্পিয়ন হয়েছেন নাছিমা।
প্রথমবারের মতো ট্রিপল শিরোপা জয়ের পর নাছিমা জানালেন, এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরতে চান। এ নারী শাটলার বলেন, ‘আত্মবিশ্বাস হারাইনি। জানতাম চ্যাম্পিয়ন হতে পারব। আমার লক্ষ্য এবার আন্তর্জাতিক সাফল্য পাওয়া।’ অন্যদিকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সোয়াদ জানান, ‘চোটের জন্য এক মাস প্র্যাকটিস করতে পারিনি। ফিরে এসে নিজেকে প্রমাণের চাপ ছিল। আয়মান ভাই এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, অন্যরাও ভালো খেলেছেন। এ প্রতিযোগিতা সহজ ছিল না। অন্যবারের চেয়ে কঠিনই ছিল।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

