ব্যাট হাতে নেমেই জ্বলে উঠেন সেদিকুল্লাহ আতাল। তার সঙ্গে ব্যাটিংয়ে দাপট দেখান আজমতউল্লাহ ওমরজাইও। দুজনের দুরন্ত দুই ফিফটির ওপর ভর করে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৩ রানের লড়াকু সংগ্রহ গড়েছে আফগানিস্তান। ফলে সেমিতে উঠতে অস্ট্রেলিয়ার প্রয়োজন এখন ২৭৪।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের শুরুটা অবশ্য মোটেই ভালো ছিল না আফগানদের। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ শূন্য রানে ফেরায় চাপেই পড়ে গিয়েছিল আফগানিস্তান। দলীয় সংগ্রহ তখন ছিল মাত্র ৩ রান। সেদিকুল্লাহর ব্যাটিং ঝলকে অবশ্য বিপদ কাটিয়ে উঠে তারা। তবে আভাস দিয়েও সেঞ্চুরির দেখা পাননি। সেদিকুল্লাহ সন্তুষ্ট থাকেন ৮৫ রানের দুর্বার এক ইনিংস খেলে। নিজের ৯৫ বলের ইনিংসটি সাজান ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায়। ওমরজাই দলীয় স্কোরে যোগ করেন ৬৭ রান।
অস্ট্রেলিয়ার জার্সিতে বেন ডারশুইস ৪৭ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। আর দুটি করে উইকেট নেন স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২৭৩ /১০, ৫০ ওভার (সেদিকুল্লাহ ৮৫, ওমরজাই ৬৭, জাদরান ২২, শহীদি ২০, রশিদ ১৯; ডারশুইস ৩/৪৭, জনসন ২/৪৯ ও জাম্পা ২/৪৮)।
টস: আফগানিস্তান (ব্যাটিং)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

