প্রিমিয়ার লিগে জিতেই চলেছে মোহামেডান। কোনো দলই যে হারাতে পারছে না ঢাকার ঐতিহ্যবাহী দলটিকে। আজ রহমতগঞ্জকে ৩-১ গোলে হারায় সাদা-কালো জার্সিধারীরা। এ নিয়ে লিগে সাত ম্যাচ খেলে প্রতিটিতেই জয় তুলে নেওয়ার কৃতিত্ব দেখাল কোচ আলফাজ আহমেদের দল।
বিরতিতে যাওয়ার আগে গোল করে মোহামেডানকে আনন্দের উপলক্ষ এনে দেন রাজু আহমেদ জিসান। দ্বিতীয়ার্ধে সুলেমান দিয়াবাতে ও সানডে বাকি দুটি গোল করেন।
এতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত করল মতিঝিলপাড়ার ক্লাবটি। সর্বোচ্চ ২১ পয়েন্ট অর্জন তাদের। হেরে গেলেও রহমতগঞ্জ পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে। তাদের অর্জন ১৫ পয়েন্ট। একই দিন অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডার্সকে।
আর বাংলাদেশ পুলিশ এফসি ও ফর্টিস এফসির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এতে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে ফর্টিসের। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে এখন দলটি। অন্যদিকে, ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

