অবশেষে সকল জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ভারত যোগ দিচ্ছে। যদিও সেটা সরাসরি নয়, ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেবে তারা। আজ বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে শুরু হচ্ছে দুই দিনের এসিসির বার্ষিক সাধারণ সভা।
বুধবার রাতে এসিসির এজিএম উপলক্ষে আয়োজিত নৈশভোজ শেষে ভারতের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি সাংবাদিকের বলেম ‘তারা (ভারত) থাকছে বলে নিশ্চিত করেছে। বাকিরাও যোগ দিচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে রাজিব শুক্লার অনলাইনে সভায় যোগ দেওয়ার কথা।’
ভারত ছাড়া বাকিদের মধ্যে আফগানিস্তান ও ওমান সরাসরি সভায় যোগদান নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা অংশ নেবে ভার্চুয়ালি। ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থ থাকায় উপস্থিত হতে পারছেন না।
এদিকে, গুরুত্বপূর্ণ এই সভার জন্য সবধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি বুলবুল বলেছেন, ‘এসিসি একটি সংগঠন যেখানে এশিয়ার পাঁচটি পূর্ণ সদস্য এবং ২৫টি সহযোগী সদস্য দেশ রয়েছে। তারা আমাদের কাছে এজিএম আয়োজন করার একটি প্রস্তাব নিয়ে এসেছিল। আমরা আয়োজক হিসেবে সম্মতি জানিয়েছি। এই অনুষ্ঠানে আমরা শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট দিচ্ছি।’
সব মিলিয়ে সংকট কেটে গেছে। ভারত এই সভাতে যোগ দিচ্ছে। আশা করা যায় এশিয়া কাপ নিয়ে যে সংকট তৈরি হয়েছে, আগামী দুই দিনের মিটিংয়ে এই বিষয়ে অগ্রগতি হবে। তাতে, আরো সুষ্ঠুভাবে আয়োজিত হবে 'এশিয়ার বিশ্বকাপ' খ্যাত এই আসর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

