৫০০ দিনের অপেক্ষা

অবশেষে পুরো ৯০ মিনিট খেললেন নেইমার

অবশেষে পুরো ৯০ মিনিট খেললেন নেইমার

ক্যারিয়ার শেষে পারফরম্যান্স নয়, ইনজুরির কারণে সবচেয়ে বেশি আফসোসে পুড়বেন নেইমার। কারণ অপয়া ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। বিশেষ করে গত দেড় বছরে ইনজুরি একটু বেশিই ভুগিয়েছে নেইমারকে।

এর মাত্রাটা এতো বেশি ছিল যে, সবশেষ কবে পুরো ৯০ মিনিট খেলেছেন সেটাই বোধহয় ভুলে যাচ্ছিলেন নেইমার। অবশেষে দীর্ঘদিন পর মাঠে নেমে প্রথম থেকে শেষ পর্যন্ত খেললেন। একই সঙ্গে মনে রাখার মতো এক গোলে কটাক্ষের জবাব দেন নেইমার।

বিজ্ঞাপন

পাওলিস্তা এ ওয়ানে রোববার দিবাগত রাতে লিমেইরাকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। দলের জয়ের দিনে পুরো ৯০ মিনিট খেলেন নেইমার। এর আগে সবশেষ ২০২৩ সালের ১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেন তারকা ফরওয়ার্ড। অর্থ্যাৎ সে ম্যাচের ৫০০ দিন পর পুরো ৯০ মিনিট খেললেন তিনি।

প্রতিপক্ষের মাঠে সান্তোসের জয়ের দিনে জোড়া গোল করেন তিকুইনহো সোয়ারেস। তার দুটি গোলেই সহায়তা করেন নেইমার। ২৭ মিনিটে নিজেই স্কোরশিটে নাম লেখান। যদিও তাতে কারও সহায়তা নেননি। কর্নার থেকে তার নেওয়া বাঁকানো শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়। কর্নার থেকে সরাসরি করা গোলকে অলিম্পিক গোল বলা হয়।

কর্নার কিক নেওয়ার আগে নেইমারকে দুয়োধ্বনি দেয় প্রতিপক্ষের সমর্থকরা। গোল করে সেটার দারুণ জবাবই দেন সাবেক আল হিলাল তারকা। তার উদযাপনটাও ছিল দেখার মতো। গোলের পর সাইড লাইনে থাকা বিজ্ঞাপন বোর্ডে বসে গ্যালারির দিকে তাকান। ক্রিস্টিয়ানো রোনালদোর কয়েকটি উদযাপনের মধ্যে অন্যতম এটা।

সান্তোসে প্রত্যাবর্তনে এটা নেইমারের দ্বিতীয় গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৩ গোল করিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন