ইনজুরির ছোবলে আর্সেনাল ছোটো খাটো হাসপাতাল হয়ে গেছে। চোটে থাকা খেলোয়াড়দের দীর্ঘ সেই লিস্টে নতুন সংযোজন উইলিয়াম সালিবা। ফরাসি ডিফেন্ডার সালিবার মতো একের পর এক খেলোয়াড় ইনজুরিতে পড়ায় আর্তেতার কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।
এ নিয়ে আর্সেনাল কোচের ভাষ্য, 'অবশ্যই আমরা চিন্তিত, বিশেষ করে আমাদের স্কোয়াড ও বেঞ্চে খেলোয়াড়দের সংখ্যার দিকে তাকিয়ে। খুবই চিন্তিত।' এ নিয়ে আর্সেনাল কোচের ভাষ্য, 'অবশ্যই আমরা চিন্তিত, বিশেষ করে আমাদের স্কোয়াড ও বেঞ্চে খেলোয়াড়দের সংখ্যার দিকে তাকিয়ে। খুবই চিন্তিত।'
ইংলিশ লিগের ম্যাচে দুই গোলে এগিয়ে ছিল আর্সেনাল। সে আবার অ্যাস্টন ভিলার বিপক্ষে। ফুটবলপ্রেমীরা তাই গানারদের জয়ের প্রত্যাশায় প্রহর গুনছিলেন। কিন্তু ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হতেই মাঠের চিত্রনাট্য পাল্টে যায়।
এমিরেটস স্টেডিয়ামে আট মিনিটের ব্যবধানে দুই গোল করে স্কোর লেভেল করে ফেলে অতিথিরা। লন্ডনের ক্লাবটি শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে। যে কারণে শনিবার রাতে ২-২ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকে স্বাগতিক আর্সেনাল।
গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (৩৫ মিনিট) ও কাই হাভার্টজের (৫৫ মিনিট) গোলে লিড নেয় আর্সেনাল। পরে গোল ব্যবধান ২-১ এ নিয়ে যান ইউরি টিয়েলেমান্স। আর শেষে সমতাসূচক গোলটি অ্যাস্টন ভিলাকে উপহার দেন ওলি ওয়াটকিন্স।
দারুণ ফর্মে রয়েছে লিভারপুল। দুর্দান্ত খেলে শীর্ষস্থানও ধরে রেখেছে দ্য রেড শিবির। কিন্তু সেই লিভারপুলের হঠাৎ কি যেন হলো। সেই তাদেরই কিনা গোল পেতে প্রচুর ঘাম ঝরাতে হলো। কোচ আর্নে স্লটের শিষ্যরা গোলের সন্ধান পেতে ঠিক কত কষ্ট করেছেন- সেটার প্রমাণ স্কোরশিট। ব্রেন্টফোর্ডের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ৯০ মিনিটেও জালের সন্ধান পায়নি অতিথি অ্যানফিল্ড শিবির।।
ম্যাচের ডেডলক ভাঙতে পারেনি তারা গোলমুখে ৩৫ শট নিয়েও। স্বাগতিক প্রতিপক্ষের জাল কাঁপাতে লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছে ইনজুরি টাইম পর্যন্ত। শেষে সফরকারীদের ডাগআউটে স্বস্তির পরশ বইয়ে দেন ডারউইন নুনিয়েজ। তা আবার একটি নয়, এনে দিয়েছেন জোড়া গোল (৯০+১ ও ৯০+৩ মিনিটে)।
তার ডাবল গোলের পারফরম্যান্সের সুবাদেই ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল। তার আগে যেন ইংলিশ প্রিমিয়ার লিগে ড্রয়ের দুষ্টু চক্রে আটকে গিয়েছিল মার্সেসাইড ক্লাবটি। এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর এবার জয়ের ছন্দে ফিরল জায়ান্ট ক্লাবটি।
রোমাঞ্চকর জয়ে পয়েন্ট টেবিলের রাজত্বটা আর পোক্ত করল আর্নে স্লটের ক্লাব। ২১ ম্যাচে ১৫ জয়, পাঁচ ড্র ও এক হারে লিভারপুলের সংগ্রহ দাঁড়িয়েছে ৫০ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা আর্সেনাল তিন ম্যাচের মধ্যে পয়েন্ট খোয়াল দুবার। তাতে তাদের পুঁজি দাঁড়াল ৪৩ পয়েন্ট। লিভারপুলের কাছে ধরাশায়ী হয়ে ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে পড়ে রয়েছে ব্রেন্টফোর্ড।
এ দিকে বুন্দেসলিগায় জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ৩-২ গোলে হারিয়েছে উলফসবুর্গকে। জার্মান লিগে জয়ের হাসি হেসেছে আরেক জার্মান জায়ান্ট বায়ার লেভারকুসেন। কোচ জাবি আলোনসোর শিষ্যরা ৩-১ ব্যবধানে ধরাশায়ী করেছে বরুশিয়া মনচেনগ্লাডবাখকে।
তবে ইতালিয়ান সেরি এ তে হার মেনেছে এসি মিলান। এ জায়ান্ট ক্লাব ২-০ গোলে হারের তেতো স্বাদ নিয়ে ফিরেছে জুভেন্তাসের মাঠ থেকে। আর আতালান্তার মাঠ থেকে ৩-২ গোলে জিতেছে প্রয়াত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলি। ফরাসি লিগ ওয়ানে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)ও। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক লেন্সকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

