লর্ডস টেস্ট

রাহুলের সেঞ্চুরিতে এগোচ্ছে ভারত

রাহুলের সেঞ্চুরিতে এগোচ্ছে ভারত

ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা খুব বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। একটু আগেভাগেই বিদায় নিয়েছিলেন তারা। শেষদিকে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের বোলিং তোপ সামলাতেই হিমশিম খেতে হয়েছে তাদের। তবে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভারতও স্বস্তি পায়নি খুব একটা।

বিজ্ঞাপন

ইংলিশদের পেস তোপে নাস্তানাবুদ করে সফরকারীরা নিজেরাও নাজেহাল হয়েছেন। ১০৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ক্যাপ্টেন শুবমান গিলের দল। তবে তৃতীয় দিনে এসে স্বাগতিকদের পেস ঝড় সামলে ঠিকই বুক চিতিয়ে লড়াই করে গেছেন লোকেশ রাহুল। দুরন্ত ব্যাটিংয়ে হাঁকিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। তার সঙ্গে ফিফটি আদায় করে নেন রিশব পন্ত। চতুর্থ উইকেটে ১৯৮ বলে দুজনের ১৪১ রানের দাপুটে পার্টনারশিপে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত।

দলের প্রয়োজনের সময় ১৭৭ বলে ১৩ বাউন্ডারিতে খেলেন ১০০ রানের দুর্বার এক ইনিংস। জাদুকরী তিন অঙ্ক ছুঁয়ে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখে শোয়েব বশিরের স্পিনে হ্যারি ব্রুকের ফাঁদে ধরা পড়েন রাহুল। আর পন্তের ব্যাট থেকে আসে ৭৪ রানের দুরন্ত এক ইনিংস।

এতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩১১ রান সংগ্রহ করে ভারত। তার আগে দলীয় স্কোরে ৪০ রান যোগ করেন করুন নায়ার। ৩৭ রান নিয়ে ব্যাট করে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা। ২৩ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন নীতিশ কুমার রেড্ডি।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৩৮৭/১০।

ভারত প্রথম ইনিংস : ৩১১/৫, ৮৯ ওভার (রাহুল ১০০, পন্ত ৭৪, নায়ার ৪০, জাদেজা ৩৭ ব্যাটিং ও নীতিশ ২৩ ব্যাটিং; স্টোকস ১/৪৮ ও আর্চার ১/৪৫)। (অসমাপ্ত)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন