মিরাজের ওপর বাড়তি আশা অধিনায়ক শান্তর

মিরাজের ওপর বাড়তি আশা অধিনায়ক শান্তর

গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জ্বরের কারণে খেলতে পারেননি মেহেদি হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করা টেস্টে তাকে না পাওয়ার আক্ষেপ ছিল অধিনায়ক শান্তর কণ্ঠে। গলে ইনিংস ঘোষণা না করা, ব্যক্তিগত মাইলফলক স্পর্শ নিয়ে হয়েছিল নানান সমালোচনা। গতকাল সেসব প্রশ্নের উত্তর স্পষ্ট করেছেন অধিনায়ক শান্ত নিজে। সেখানেই উঠে এসেছে মিরাজকে খেলাতে না পারার আক্ষেপ। তিনি স্পষ্টই জানিয়েছেন, মিরাজ না থাকায় আগে ইনিংস ঘোষণার ‘সাহস’ দেখাতে পারেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। গলে মিরাজকে না পাওয়া গেলেও কলম্বোয় দ্বিতীয় টেস্টে মিরাজকে দেখা যাবে একাদশে।

৫৩ টেস্টে ২ হাজারের বেশি রানের পাশাপাশি বল হাতে দুইশর ওপরে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। দলের প্রয়োজনে ব্যাট-বলে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এমন অলরাউন্ডারের অনুপস্থিতি দলকে বেশ ভোগায়। তা বেশ ভালোভাবেই অনুভব করেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচে তার উপস্থিতি দলের জন্য ভালো ফল বয়ে আনবেÑএমনটাই বিশ্বাস অধিনায়ক শান্তর। এ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় ব্যাটিং-বোলিং দুই জায়গায় ব্যালান্স করা যাবে।’

মিরাজকে নিয়ে তিনি আরো যোগ করেন, ‘আমি সব সময় বলি, মিরাজ কিন্তু গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য। ব্যাটিং ও বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটি ম্যাচে কিন্তু ইমপ্যাক্টফুল ব্যাটিং ইনিংস থাকে, বোলিংয়েও ইমপ্যাক্টফুল বোলিং থাকে। ও আসাতে টিমের ব্যালান্স ভালো হবে। আশা করব ম্যাচে ভালোভাবে দলের জন্য কন্ট্রিবিউট করবে।’

মিরাজের না থাকা গল টেস্টে কীভাবে প্রভাব ফেলেছেÑসেটার ব্যাখ্যা ছিল শান্তর কণ্ঠে। তার মতে, মিরাজ থাকলে আরো আগে ইনিংস ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো। শান্ত বলেন, ‘আমাদের মিরাজ খেলতে পারেনি। ও আমাদের এক্সপেরিয়েন্স বোলার। স্বাভাবিকভাবে একটু অনভিজ্ঞ বোলিং আক্রমণ ছিল। ওই রিস্কটা (আগে ইনিংস ঘোষণা) আসলে আমরা নিতে পারিনি।’ তবে বারবারই শোনা যাচ্ছিল ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করতে চাওয়ায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এ কথার তীব্র প্রতিবাদ ছিল শান্তর কথায়।

তিনি বলেন, ‘মনে হয় না ব্যক্তিগত মাইলস্টোনের জন্য এই ড্রেসিংরুমের কেউ খেলে। এতটুকু শিওরিটি দিয়ে দিলাম। কন্ডিশন ও ড্রেসিংরুমের টিম ম্যানেজমেন্টের যারা ছিল, সবার সঙ্গে ডিসকাস করে টিমের যা ভালো হবে, ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মুশফিকের উদাহরণ টেনে তার ভাষ্য, ‘মুশফিক ভাই এত বছর ক্রিকেট খেলেছেন। আমার মনে হয় না ওই এক রান নিয়ে খুব বড় কিছু অ্যাচিভ করবেন। উনি আমাদের টিমের জন্য কত কিছু করেছেন, সেটা সবাই জানি।’

প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। এর আগে দুদিনে ভালো প্রস্তুতি নেওয়ার কথা জানান শান্ত। তার ভাষ্যমতে, ‘এখানে কন্ডিশনটা বোঝার চেষ্টা করব। একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় আজ (গতকাল) ও আগামীকাল (আজ) যতটুকু বেটার প্রিপারেশন নিয়ে খেলতে পারি, আমাদের জন্য বেটার হবে। আশা করি নেক্সট ম্যাচটা ভালো খেলতে পারব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন