আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে দুবাইয়ে অনুশীলন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। অনুশীলনের ফাঁকে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তরুণ অলরাউন্ডার তানজিদ হাসান সাকিব বলেছেন, দুবাইয়ে উইকেট বোঝার চেষ্টা করছেন তারা।
তানজিদ বলেন, ‘আমরা রাতে লম্বা ফ্লাইটে দুবাই এসেছি। তার পরেরদিন বিশ্রাম নিয়েছি। আসার পর প্র্যাকটিস করে আরো ভালো লাগছে।’ ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তানজিদ বলেন, ‘প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে বেশি কাজ করছে, কোন লেংথে বল করলে ব্যাটসম্যানরা সংগ্রাম করছে, এই জিনিসগুলো আমরা পড়ার চেষ্টা করছি।’ অনুশীলনে কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? তানজিদ জানান, ‘আমাদের প্রথম প্র্যাকটিস সেশন ভালো গেছে। প্রথেমে আমরা জিম করলাম। এরপর প্র্যাকটিস সেশন গেছে। খুবই ভালো হয়েছে। এরপর ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- সব বিভাগেই আমরা করেছি। খুবই ভালো ফিল হচ্ছে। এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্য যে ফিলটা কেমন হলো। ওভারঅল প্র্যাকটিসে খুব ভালো একটা ফিল হয়েছে আমাদের।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

