এশিয়া কাপে ভারত-পাকিস্তানের লড়াই মাঠে গড়াচ্ছে। মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে কথার খেলা। তাতে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। যদিও সব দিকে দিয়ে ভারত এগিয়ে আছে, তবে ছেড়ে কথা না বলার ইঙ্গিত দিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ওমানকে ৯৩ রানে হারানোর পর সালমান জানান, যে কোনো দলকে হারাতে আত্মবিশ্বাসী পাকিস্তান।
সালমান বলেন, ‘আমরা এখন সত্যিই ভালো ক্রিকেট খেলছি। বারবারই এটা বলছি আমি। দুই থেকে তিন মাস ধরেই আমরা ভালো ক্রিকেট খেলছি। ত্রিদেশীয় সিরিজে জিতলাম, এখানেও ভালো শুরু হলো। এই ভালো খেলাটা চালিয়ে যেতে হবে। যদি যথেষ্ট লম্বা সময় ধরে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারি, যে কোনো দলকে হারিয়ে দেওয়ার মতো ভালো দল আমরা।’
এদিকে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে মুখিয়ে আছেন ভারতের দলনেতা সূর্যকুমার যাদব। সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারানোর পর ম্যাচ প্রেজেন্টেশনে পাকিস্তান ম্যাচ নিয়ে সঞ্জয় মাঞ্জরেকারের এক প্রশ্নে সূর্য বলেন, ‘আমরা সবাই বেশ উন্মুখ হয়ে আছি (পাকিস্তানের বিপক্ষে ম্যাচটির জন্য)। সবাই একটি ভালো ম্যাচ খেলতে চায় এবং এটার জন্যে সত্যিই মুখিয়ে আছি।’
পাকিস্তানের কোচ মাইক হেসনও ম্যাচের দিকে তাকিয়ে আছেন, ‘আমরা জানি, ভারত অনেক আত্মবিশ্বাসী। আর তারা যে দুর্দান্ত পারফর্ম করে চলেছে, তাতে এটা যথার্থও। আমরা দল হিসেবে উন্নতি করায় মনোযোগী। আমরা ভালো করেই জানি ম্যাচটির গুরুত্ব। আমরা সামনের চ্যালেঞ্জের জন্য অপেক্ষায় আছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

