ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, শেষ বলে জিতল অ্যান্টিগা

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, শেষ বলে জিতল অ্যান্টিগা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ব্যাটে-বলে ফের ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। তবে ঠিকই জয় তুলে নিয়েছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। শামার স্প্রিঙ্গারের কল্যাণে শেষ ওভারের নাটকীয়তায় শেষ বল পর্যন্ত আসা ম্যাচে ৪ উইকেটে জিতেছে দলটি।

সাকিব ব্যাট হাতে ১৫ বলে ১২ ও বোলিংয়ে ৩ ওভারে ৩৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বার্বাডোজের ইনিংসে ৯ম ওভারে আক্রমণে এসে দুটি চার হজম করে মোট ১২ রান দেন সাকিব। ইনিংসের ১১তম ও নিজের পরের ওভারে দেন ৬ রান। ইনিংসের ১৩তম ওভারে হজম করেন ১৫ রান। এরপুর আর তার হাতে বল দেওয়ার সাহস করেননি অধিনায়ক ইমাদ ওয়াসিম।

বিজ্ঞাপন

শেষ ওভারে জিততে সাকিবের দলের প্রয়োজন ছিল ১২ রান। ক্রিজে ইমাদ ওয়াসিম ও আন্দ্রেয়াস গৌস। রয়্যালসের বোলার শেরফানে রাদারফোর্ড শেষ ওভারের প্রথম ৫ বলে ১০ রান দিলেও পঞ্চম বলে ইমাদকে আউট করেন। শেষ বলে জয়ের জন্য ২ রান দরকার ছিল ফ্যালকনসের। শামার স্প্রিঙ্গার প্রয়োজনীয় দুই রান তুলে ফ্যালকনসকে জয় এনে দেন।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৭ রান তোলে বার্বাডোজ। ৬৫ বলে ৯৮ রানের ইনিংসে অপরাজিত ছিলেন ওপেনার ব্রান্ডন কিং। রাদারফোর্ডের ব্যাট থেকে ২৯ এবং ২৭ রান করেন কুইন্টন ডি কক। ফ্যালকনসের পক্ষে ১৩ রানে ২ উইকেট নেন পেসার সালমান ইরশাদ।

জবাবে অ্যান্টিগার হয়ে ৫৩ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার গৌস। আরেক ওপেনার আমির জাঙ্গু করেন ১৪ বলে ২৩ রান। ২৬ রান করেন কেভিন উইকহ্যাম। সাকিব পাঁচে নেমে আউট হন ১৫ বলে ১২ রান করে। ২৯ রানে ৩ উইকেট নেন বার্বাডোজের পেসার ড্যানিয়েল স্যামস।

এই জয়ে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্লে–অফে খেলার সুবাস পাচ্ছে ছয় দলের টেবিলে তৃতীয় স্থানে থাকা অ্যান্টিগা। ৬ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার পেছনে বার্বাডোজ।

সংক্ষিপ্ত স্কোর

বার্বাডোজ রয়্যালস: ২০ ওভারে ১৮৭/৪ (কিং ৯৮*, রাদারফোর্ড ২৯, ডি কক ২৭, গ্রিন ১৬*; সালমান ২/১৩, ম্যাকয় ১/৪৬)।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস: ২০ ওভারে ১৮৮/৬ (গৌস ৮৫*, উইকহ্যাম ২৬, জাঙ্গু ২৩, ইমাদ ১৭, সাকিব ১৫; স্যামস ৩/২৯, ইথান ১/২৯, সাইমন্ডস ১/৩৭)।

ফল: ফ্যালকনস ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: সালমান ইরশাদ (ফ্যালকনস)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন