দাইয়ান গালিয়ামের বিধ্বংসী বোলিং স্পেলের সঙ্গে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে হাসল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে বিধ্বস্ত হলো বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাট-বলের দুরন্ত পারফরম্যান্সে লাল-সবুজের প্রতিনিধিদের ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ক্রিকেটাররা। ৩০.২ ওভারে মাত্র ৮৯ রান তুলতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রান (৭৩ বল) করেন মাহফুজুল ইসলাম। এছাড়া আমিনুল ইসলাম ১১ এবং সামিউন বাসির ১০ রান ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার জার্সিতে দাইয়ান গালিয়াম ৮.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন।
৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। রিচার্ড সেলেটসওয়ানে ৪০ বলে ৩৫* রান এবং এম ভ্যান বুরেন ২২ বলে ১৮* রান করে অপরাজিত থেকে জয় ছিনিয়ে নিয়ে তবেই মাঠ ছাড়েন। তার আগে ড্যানিয়েল স্মিথ ২৩ বলে দলীয় স্কোরে যোগ করেন ২২ রান। বাংলাদেশের হয়ে শেখ মোহাম্মদ রিজওয়ান ২২ রানে ২টি এবং ইকবাল হোসেন ইমন ২৫ রানে ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইমার্জিং দল : ৮৯/১০, ৩০.২ ওভার (মাহফুজুল ৪০, আমিনুল ১১, সামিউন ১০;
গালিয়াম ৫/১৮, মগাকানে ২/১৬)।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল : ৯২/৩, ১৮.৪ ওভার (সেলেটসওয়ানে ৩৫*, স্মিথ: ২২, বুরেন: ১৮*; রিজওয়ান ২/২২, ইকবাল ১/২৫)।
ফল : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ৭ উইকেটে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

