কম রান করেও দাপুটে জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে পাকিস্তান নারী ‘এ’ দলকে মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে ৫৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান তোলে বাংলাদেশ। টি–টোয়েন্টির মানদণ্ডে এই সংগ্রহ খুব বড় না হলেও ম্যাচে সেটিই হয়ে ওঠে জয়ের জন্য যথেষ্ট। ব্যাটিংয়ে দলের হয়ে একাই লড়াই করেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে ৫টি চারে অপরাজিত ৪০ রান করেন তিনি। অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও ইনিংস ধরে রাখেন অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ২১ রান তুলতে গিয়ে হারায় ২ উইকেট। এরপর বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফাহিমা নিজেই। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। রানআউটসহ দ্রুত আরও উইকেট হারিয়ে ৩০ রানে ৫ উইকেট পড়ে যায় পাকিস্তানের।
শেষ পর্যন্ত বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ৫৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান নারী ‘এ’ দল। বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সানজিদা আক্তার—৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট।
ব্যাট ও বল—দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হন ফাহিমা খাতুন। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল, যেখানে রোববার তাদের প্রতিপক্ষ ভারত নারী ‘এ’ দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী ‘এ’ দল: ২০ ওভারে ১১০/৮ (ফাহিমা ৩২, শারমিন ১৫, শামীমা ১৩; হাফসা ২/২৫)।
পাকিস্তান নারী ‘এ’ দল: ১৬.৪ ওভারে ৫৬/১০ (শাওয়াল ১৪, , হাফসা ১২; সানজিদা ৩/৬, ফাহিমা ২/৬)।
ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৫৪ রানে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

