নাহিদকে নিয়ে দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশা তাসকিনের

নাহিদকে নিয়ে দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশা তাসকিনের

অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আশাবাদী বার্তা দিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলের সতীর্থ নাহিদ রানা এই সফরে ইনজুরির কারণে ছিটকে গেলেও খুব শিগগিরই তার সঙ্গে আবারও মাঠে নামতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন এই ডানহাতি গতিতারকা।

বিজ্ঞাপন

শনিবার অস্ট্রেলিয়ায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তাসকিন। সেখানে তিনি লেখেন, ‘আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব।’ একই পোস্টে চিকিৎসাসেবার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানান চিকিৎসক ড. ড্রর মাওরকে। পাশাপাশি চিকিৎসা ও অন্যান্য সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি বাবুকেও ধন্যবাদ জানান তিনি।

বর্তমানে তাসকিন ও নাহিদ দুজনই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তবে ইনজুরির কারণে নাহিদ রানা আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। অন্যদিকে তাসকিন দলের সঙ্গে রয়েছেন এবং ফিটনেস ফিরে পেতে চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছেন।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরই মধ্যে শুক্রবার রাতে ১৭ সদস্যের প্রথম বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। এমন সময় তাসকিনের ইতিবাচক বার্তা সমর্থকদেরও আশাবাদী করে তুলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন