আইসিসি উইমেন্স ইমার্জিং নেশন্স ট্রফি

শেষ ম্যাচ জিতেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল বাংলাদেশ

শেষ ম্যাচ জিতেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল বাংলাদেশ

টুর্নামেন্টে অংশ নেয়া ১০ দলের মধ্যে কেবল ৩টি দল বাংলাদেশের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল। ওই এগিয়ে থাকা ৩ দল আবার পূর্ণশক্তির দল নিয়ে টুর্নামেন্টে আসেনি। অন্যদিকে, বাংলাদেশ গিয়েছে নিজেদের সেরা টি-টোয়েন্টি দল নিয়েই। ফলে শক্তি-সামর্থ্য বিচারে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট যে বাংলাদেশ ছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমন টুর্নামেন্টেও বাংলাদেশ নারী দল ফিরল গ্রুপ পর্ব থেকে।

বিজ্ঞাপন

আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে দুই জয় এবং দুই হার নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বুধবার শেষ ম্যাচের আগে বাংলাদেশের সামনে ছিল জটিল সমীকরণ। নিজেদের লড়াইয়ে থাইল্যান্ডকে হারাতে হবে এবং নেদারল্যান্ডস-জিম্ববুয়ে ম্যাচের ফলাফলটাও অনুকূলে আসতে হবে; নিজেদের ম্যাচে থাই নারীদের বিপক্ষে ৩ রানের জয় পেলেও নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে।

থাই নারীদের বড় ব্যবধানে হারালে অথবা জিম্বাবুয়ে নেদারল্যান্ডসকে হারালে সুপার সিক্সে উঠতে পারত বাংলাদেশ। জিম্বাবুয়ে এবং বাংলাদেশের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে জিম্বাবুয়ে। গ্রুপের পাঁচ দলের মধ্যে চারে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। একই গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা বাকি দুই দল হলো পাকিস্তান এবং নেদারল্যান্ডস নারী দল।

আজমানে আগে ব্যাট করতে নেমে কেবল ১৩২ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১২৯ রানে থামে থাইল্যান্ড।

বড় জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন ওভারের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানা মিলে যোগ করেন ৩৮ রান। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। ১৬ রান করতে ২৩ বল খেলেন শারমিন।

পরের উইকেটে ভারপ্রাপ্ত অধিনায়ক সোবহানা মোস্তারিকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন নিগার। দ২৬ বলে ২৮ রান করেন সোবহানা। নিগার করেন ৩৬ বলে ৪৫ রান। শেষ দিকে স্বর্ণা আক্তার ১৪ ও রিতু মনি ১২ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

রান তাড়ায় বেশিরভাগ সময় খেলার নিয়ন্ত্রণ ধরে রাখলেও শেষদিকে এসে খেই হারায় থাইল্যান্ড। জয়ের জন্য শেষ ৬ ওভারে ৪৬ রান দরকার ছিল তাদের, লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ৪২ রানের বেশি নিতে পারেননি থাই নারীরা।

থাইল্যান্ডের হয়ে দলীয় সর্বোচ্চ ৫৭ রান করেন নানাপাট কোঞ্চারোয়েঙ্কাই। অধিনায়ক নারুমল চাওয়াই করেন ৩৩ রান। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন সানজিদা মেঘলা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন