তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের খাদ্যসহায়তা

তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের খাদ্যসহায়তা

বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে দুর্ঘটনাকবলিত ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের উদ্ধার হওয়া ১৪ জেলে পরিবারকে জরুরি খাদ্যসামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

শনিবার বিকেল ৫টায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা বাজারে দুর্ঘটনাকবলিত জেলেদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও অতীশ সরকার।

মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি জেলে পরিবারকে ৪০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং প্রয়োজনীয় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া প্রদান করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল, তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ফরাজী এবং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুসহ অনেকে।

সহায়তা প্রদানকালে অতীশ সরকার বলেন, উপকূলীয় এলাকার জেলেদের যেকোনো দুর্যোগ ও বিপদে উপজেলা প্রশাসন সব সময় দ্রুত সাড়া দিতে প্রস্তুত। দুর্ঘটনাকবলিত এই জেলে পরিবারগুলো যাতে কোনো প্রকার খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই তাৎক্ষণিকভাবে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের পাশে থাকবে প্রশাসন।

গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ‘এফবি মায়ের দোয়া’ নামের ট্রলারটি ডুবে যায়। পরবর্তীতে একই দিন রাত ১২টায় সাগরে ভাসমান অবস্থায় থাকা ১৪ জেলেকে অন্য জেলেরা জীবিত অবস্থায় উদ্ধার করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন