৪৫ বলের ঝড়ে দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ড সোহানের

স্পোর্টস রিপোর্টার

৪৫ বলের ঝড়ে দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ড সোহানের

দেশের ঘরোয়া ক্রিকেটে নিজের নামের পাশেই নতুন এক রেকর্ড যোগ করলেন হাবিবুর রহমান সোহান। এক ম্যাচ আগে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ার পর এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন এই মারকুটে ওপেনার।

ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী এক ইনিংস খেলেন লেজেন্ডস অব রুপগঞ্জের এই ব্যাটার। মাত্র ৪৫ বলে শতক পূর্ণ করে তিনি ভেঙে দেন বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

মজার বিষয় হলো, আগের রেকর্ডটিও ছিল সোহানের দখলে। ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। চলতি ডিপিএলেও ৪৯ বলে শতক করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এবার সবাইকে ছাড়িয়ে নতুন মানদণ্ড স্থাপন করলেন সোহান।

ইউল্যাব মাঠে খেলা ম্যাচটিতে ৮টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে মাত্র ৫৮ বলে ১৩০ রান করেন ২৬ বছর বয়সী এই ওপেনার। ১৮তম ওভারে আউট হওয়ার আগে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নিয়েছিলেন তিনি।

এক ইনিংসে ১৩ ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন সোহান। এ তালিকায় সবার ওপরে রয়েছেন সৌম্য সরকার। ২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলতে গিয়ে ১৬টি ছক্কা মেরেছিলেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সোহান। ২৬ বলে ফিফটি পূর্ণ করেন ৪ চার ও ৪ ছক্কার সাহায্যে। এরপর আরও ভয়ংকর রূপ নেন। পরের ৫০ রান আসে মাত্র ১৯ বলে, যেখানে ছিল ৪ চার ও ৫ ছক্কা।

শতক পূরণের পরও থামেননি তিনি। আরও চারটি ছক্কা হাঁকিয়ে বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন। তবে আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। আউট হওয়ার সময় ইনিংসে তখনও অনেক বল বাকি ছিল, ফলে আরও বড় রেকর্ড গড়ার সম্ভাবনাও ছিল সামনে।

এটি ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে সোহানের চতুর্থ শতক। তবে রান, স্ট্রাইক রেট এবং প্রভাব—সব মিলিয়ে এটিই তার ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবে বিবেচিত হবে।

বিশ্ব ক্রিকেটের লিস্ট ‘এ’ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য এখনও অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। ২০২৩ সালে মার্শ ওয়ানডে কাপে মাত্র ২৯ বলে শতক করেছিলেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...