লর্ডসের আদলে বিশেষ লাউঞ্জ হচ্ছে মিরপুরে

স্পোর্টস রিপোর্টার

লর্ডসের আদলে বিশেষ লাউঞ্জ হচ্ছে মিরপুরে

দিন কয়েক আগে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য তামিম ইকবাল চালু করেছিলেন ক্যাপ্টেনস কার্ড। তখন খানিকটা সমালোচনা হয়েছিল। শুধু অধিনায়কদের জন্য বিশেষ সুবিধা চালু করায় হয়েছিল এই সমালোচনা। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা কি তাহলে বঞ্চিত হবেন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। তবে বিসিবি সভাপতি তামিম ইকবাল আজ জানিয়ে দেন, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য হবে বিশেষ লাউঞ্জ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারিতে তৈরি করা হচ্ছে এই বিশেষ লাউঞ্জ। সেখানে ১৭০ থেকে ১৮০ সাবেক ক্রিকেটারের বসার ব্যবস্থা করা হচ্ছে। বিশ্বের বড় বড় ভেন্যুর মতো এখানেও ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধা রাখা হবে বলেও জানান তামিম ইকবাল।

বিজ্ঞাপন

তার কথায়, ‘পুরো ব্লকটা ন্যাশনাল ক্রিকেটারদের জন্য করা হবে। সিটের সংখ্যা কমিয়ে দিয়ে একটু আয়েশি কীভাবে করা যায় ওটার ব্যবস্থা হচ্ছে। প্রাথমিকভাবে ভেতরে পুরো লাউঞ্জ সেটআপ করে বড় ব্যালকনি করা হবে। আশা করি দুই-তিন মাসের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে।’

অধিনায়কদের মতো ক্রিকেটারদের জন্যও চালু করা হবে কার্ড। ওই কার্ডের ব্যবহার করে এই লাউঞ্জ ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা। এছাড়া ক্রিকেটারদের সংগঠন কোয়াবের অফিসও হবে এই লাউঞ্জের ভেতরে। সেটাও জানান তামিম ইকবাল।

এ নিয়ে তামিমের ভাষ্য, ‘তাদেরও (জাতীয় ক্রিকেটারদের) একটা কার্ড দিয়ে দেওয়া হবে, যাতে তারা এখানে আসতে পারে। তারা ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারবেন না। এছাড়া আমি বলেছি কোয়াবের কিছু অফিসও এটার মধ্যে থাকবে। পুরো এলাকা গ্লাস দিয়ে সুন্দর করে, যা যা করা দরকার করে ন্যাশনাল ক্রিকেটারদের জন্য করে দেওয়া হবে।’

ক্রিকেটারদের জন্য তৈরি করা এই লাউঞ্জের একটি নির্দিষ্ট নামও দেওয়া হবে বলে জানান তামিম ইকবাল। দিল্লির অরুণ জেটলির স্টেডিয়ামের মতো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই স্ট্যান্ডের নাম বাংলাদেশের কোনো কিংবদন্তি ক্রিকেটারের নামে করা হবেও বলে জানান তামিম ইকবাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন