অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য যেমন কঠিন চ্যালেঞ্জ, তেমনি তাসকিন আহমেদের জন্য এটি পূরণ হতে যাওয়া দীর্ঘ অপেক্ষার এক স্বপ্ন। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে প্রথম অস্ট্রেলিয়ায় যাওয়া তাসকিন এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে দেশটির মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন। এ নিয়ে বেশ রোমাঞ্চিত এই পেসার।
ডারউইনে প্রথম টেস্টের আগে তাসকিন বলেছেন, ‘আমরা এখানে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পেরে সত্যিই গর্বিত। এতে কোনো সন্দেহ নেই যে, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট খেলা আমাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্যই গর্বের মুহূর্ত।’
ছোটবেলা থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অনুসরণ করেন তাসকিন। বিশেষ করে দেশটির পেসারদের প্রতি রয়েছে তার আলাদা আকর্ষণ। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের, বিশেষ করে কিংবদন্তি ফাস্ট বোলারদের দেখে আসছি। এখন তাদের বিপক্ষে খেলার সুযোগ পাওয়ায় সত্যিই রোমাঞ্চিত।’ অস্ট্রেলিয়াকে নিজের প্রিয় বোলিংয়ের জায়গা উল্লেখ করে তাসকিন বলেন, স্টার্ক, হ্যাজলউড, কামিন্স ও বোল্যান্ডের সঙ্গে সুযোগ পেলে কথা বলতে চান তিনি।
দুই মাস আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারানো আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশকে। তবে ঘরের মাঠ ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের মধ্যে বড় পার্থক্যও স্বীকার করেছেন তাসকিন। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারলেও সেটিকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি। তার আশা, মূল টেস্টে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো করবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

