ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম (৩৫) উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে। তিনি ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাইসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওয়ানা হন আবুল কাশেম। ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্ন এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তার বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম বলেন, সকাল ৮টার দিকে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার ওসি শাহ কামাল আখন্দ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বর্তমানে লাশটি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

