দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্নের মতো ব্যাপার। যদি সেটা হয় প্রথম বিশ্বকাপ, তাহলে তো কথাই নেই। তবে প্রথমবার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েও খেলা হয়নি সাইফ হাসানের। মূলত নিরাপত্তা শঙ্কায় ভারতে ম্যাচ খেলতে না চাওয়ায় বাংলাদেশ দলের এবারের বিশ্বকাপে খেলা হয়নি। বিশ্বকাপ খেলতে না পারার এ দুঃখ ভোলা কঠিন ছিল বলে জানিয়েছেন ক্রিকেটার সাইফ হাসান।
প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন সাইফ হাসান। ডাক পেয়েও খেলা না হওয়ায় বিশ্বকাপ খেলতে না পারার হতাশা ভোলা কঠিন ছিল জানিয়ে আজ ফেসবুকে পোস্ট দেন সাইফ হাসান।
সেখানে তিনি বলেন, ‘আমার প্রথম বিশ্বকাপে খেলতে না পারার হৃদয়ভাঙা কষ্ট থেকে ফিরে আসা সহজ ছিল না। এটা ছিল জীবনের একটি স্বপ্ন, যার পেছনে ছিল অনেক পরিশ্রম ও ত্যাগ। আমি নিশ্চিত, আল্লাহ সবার জন্যই আরো ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। কারণ, তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।’
তিনি আরো যোগ করেন, ‘সেখান থেকে নিজেকে সামলে নেওয়াটা আমার জন্য সহজ ছিল না। তবে সেই কঠিন সময়ে যারা আমাকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

