ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প

ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প
ছবি: সংগৃহীত।

সাপ্তাহিক ছুটির দিনে যখন বহু মার্কিন নাগরিক সমুদ্রসৈকতে অবসর সময় কাটাচ্ছিলেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ১০ ঘণ্টা ৪১ মিনিটে তিনি একের পর এক ৬০টি পোস্ট প্রকাশ করেন। এসব পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি নানা ছবি, মানচিত্র ও নিজের প্রশংসামূলক বার্তা স্থান পায়।

বিজ্ঞাপন

ট্রাম্পের পোস্ট করা কিছু ছবিতে তাকে কানাডার প্রধানমন্ত্রীকে হকি স্টিক দিয়ে ভয় দেখাতে, শত্রুদের ওপর বোমা হামলা চালাতে এবং অন্ধকার রাস্তায় প্রাণঘাতী রোবট নিয়ে টহল দিতে দেখা যায়। কিছু মানচিত্রে যুক্তরাষ্ট্রকে অন্য দেশ দখল করতে দেখা হয়েছে, আবার একটি মানচিত্রে একটি অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের ইঙ্গিতও ছিল। পাশাপাশি তিনি ডেমোক্রেটিক পার্টিকে আক্রমণ করে পোস্ট করেন এবং নিজেকে ‘সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট’ হিসেবেও তুলে ধরেন।

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের এই ধারাবাহিক পোস্ট তার ব্যক্তিগত মানসিক জগতের একটি ভিন্ন চিত্র তুলে ধরছে বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন। আগে তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে তার ব্যক্তিত্ব ও আবেগের প্রতিফলন হিসেবে দেখা হতো। তবে এআই-নির্ভর ছবি ও ভিডিওর ব্যবহার তাকে এখন আরও দৃশ্যমান ও অতিরঞ্জিতভাবে নিজেকে উপস্থাপনের সুযোগ দিচ্ছে।

এসব ডিজিটালি তৈরি উপস্থাপনায় ট্রাম্পকে কখনো যোদ্ধা, কখনো বিজয়ী, আবার কখনো ইতিহাসের বিশাল এক চরিত্র হিসেবে দেখানো হচ্ছে। এমনকি নিজের বয়স কমিয়ে, শরীরকে আরও পেশিবহুল দেখিয়েও বিভিন্ন ছবি প্রকাশ করেছেন তিনি।

গত সপ্তাহে একটি পোস্টে চাঁদের ছবির সঙ্গে লেখা ছিল, ‘চাঁদ আমাদের’। কয়েক সপ্তাহ আগে আরেকটি ছবিতে ট্রাম্পকে এক ভিনগ্রহের প্রাণীকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ট্রাম্পের এমন অস্বাভাবিক ও অতিরঞ্জিত পোস্ট এখন তার দ্বিতীয় মেয়াদের একটি পরিচিত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। তার সমালোচকেরা এসব পোস্টকে তার মানসিক অবস্থার সূচক হিসেবেও দেখছেন। তাদের মতে, বয়সের সঙ্গে ট্রাম্পের মানসিক অবক্ষয় আরও বাড়ছে—এমন দাবির পক্ষে এসব পোস্টকে তারা উদাহরণ হিসেবে তুলে ধরছেন।

ট্রাম্পের পোস্ট করা ছবিতে তার মুখ হাল্ক হোগানের পেশিবহুল শরীরে বসিয়ে দেওয়ার মতো কনটেন্টও ছিল। পরদিনের আরেকটি এআই ছবিতে দেখা যায়, তিনি হোগানের সঙ্গে হাত মেলানোর প্রতিযোগিতায় সহজেই জয়ী হয়েছেন। গত বছর মারা যাওয়া জনপ্রিয় এই রেসলিং তারকার সঙ্গে ট্রাম্পের এমন কল্পিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

ট্রাম্পের সাবেক ডেপুটি হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউজ এসব পোস্টের তীব্র সমালোচনা করেছেন। তার ভাষায়, ট্রাম্প এত বেশি পোস্ট করছেন যে মানুষ এসবের অস্বাভাবিকতা নিয়ে আর আগের মতো বিস্মিত হচ্ছে না।

ম্যাথিউজ বলেন, ৮০ বছর বয়সী একজন প্রেসিডেন্ট বিপুল সময় ব্যয় করে এমন এআই-নির্ভর কনটেন্ট দেখছেন ও পুনরায় পোস্ট করছেন, যেখানে তাকে বিশ্বের সবচেয়ে বড়, শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে। তার মতে, এটি যেন মানুষের চোখের সামনেই একজনের মানসিক অবক্ষয় দেখার মতো।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন