এবার প্রকাশিত হলো এপস্টেইন মামলায় বাদীর পরিচয়

এবার প্রকাশিত হলো এপস্টেইন মামলায় বাদীর পরিচয়

জেফরি এপস্টেইনকে ঘিরে ব্যাংক অব আমেরিকার বিরুদ্ধে করা ৭ কোটি ২৫ লাখ ডলারের মামলার অন্যতম প্রধান বাদী হিসেবে পরিচিত ‘জেন ডো’র পরিচয় ও ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। ওই নারী হলেন ৩৭ বছর বয়সি জুলিয়া মলচানোভা।

মাত্র ২২ বছর বয়সে তিনি কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ফাঁদে জড়িয়ে পড়েছিলেন এবং অনেক লড়াই করে সেখান থেকে বেরিয়ে আসেন। ২০১১ সালে নিউইয়র্কের একটি রাস্তায় এপস্টেইনের সঙ্গে আকস্মিকভাবে পরিচয় হয় রাশিয়ার তরুণ ডিজাইন শিক্ষার্থী মলচানোভার। তখন তিনি খুব সামান্য ইংরেজি জানতেন। এপস্টেইন তাকে নিউইয়র্কের ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হতে সাহায্য করার প্রস্তাব দেন।

বিজ্ঞাপন

মলচানোভার দাবি, সেই প্রস্তাবের আড়ালেই শুরু হয় তার ওপর যৌন নির্যাতন এবং এমন এক দুঃস্বপ্ন, যা তার জীবনের বহু বছরকে গ্রাস করে নেয়। এপস্টেইন তার পোশাক, চুল কতটা লম্বা রাখবেন, কোন চিকিৎসকের কাছে যাবেন, কার সঙ্গে সময় কাটাবেন এবং কীভাবে অর্থ খরচ করবেন—এসব বিষয় পর্যন্ত নিয়ন্ত্রণ করতেন। এমনকি তার অজান্তে একটি কোম্পানি তার নামে খোলা হয়েছিল এবং সেই কোম্পানির মাধ্যমে এমন সব আর্থিক লেনদেন করা হয়, যেগুলো সম্পর্কে তিনি কিছুই বুঝতেন না ।

সূত্র: এনডিটিভি ও ওয়াল স্ট্রীট জার্নাল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন