চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব

দেশজুড়ে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উৎসবের পর্দা ওঠে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। তিনি কবি নজরুলের জীবন, অনন্য সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে তথ্যবহুল আলোচনা পেশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল দ্রোহের কবি নন, তিনি সাম্য, প্রেম ও মানবতার প্রতীক। বর্তমান বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর দর্শন এবং সৃষ্টির বহুমাত্রিক চর্চা অত্যন্ত জরুরি। আয়োজকেরা জানান, চুয়াডাঙ্গা জেলার প্রায় সব কটি সাংস্কৃতিক সংগঠন এই উৎসবে অংশ নিচ্ছে। সাত দিনব্যাপী এই আয়োজনে নজরুলের জীবনদর্শনকেন্দ্রিক আলোচনা সভা ছাড়াও থাকবে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, নৃত্যনাট্য, হামদ-নাত, কীর্তন এবং নজরুলের লেখা বিশেষ নাটক পরিবেশনা।

উদ্বোধনের পর প্রথম দিনেই শিল্পকলা একাডেমি চত্বরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জাতীয় সংবাদমাধ্যম এবং স্থানীয় সংবাদ সংস্থাগুলো উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। উৎসবটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন