পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের সুখস্মৃতি এখনো তাজা বাংলাদেশের জন্য। ফলে অনেক কিছুরই পুনরাবৃত্তি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। পাকিস্তানের মতো এ সিরিজেও স্পোর্টিং উইকেটে খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। নিউজিল্যান্ডের ‘দ্বিতীয় সারির’ দলের বিপক্ষে এ সিরিজে স্পোর্টিং উইকেটে জয় পাওয়া হবে ‘বিরাট অর্জন’- এমনটাই মনে করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে এর আগে তার জন্য গুরুত্বপূর্ণ হলো ভালো শুরু।
আগামীকাল মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বেলা ১১টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ জয়ের আগে এ ম্যাচ জয়কেই বেশি গুরুত্বপূর্ণ ভাবছেন মিরাজ। তার কথায়, ‘দেখুন, শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে চিন্তা করলে আমাদের জন্য প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব প্রথম ম্যাচটি জয়ের জন্য।’
অধিনায়ক মিরাজের মতে, নিউজিল্যান্ডের ‘দ্বিতীয় সারির’ দলের বিপক্ষে জয় পাওয়া হবে ‘বিরাট অর্জন’। তার কথায়, ‘দেখুন, ছোট করে দেখার কিছু নেই। পেশাদার ক্রিকেটার হিসেবে প্রত্যেকটি ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ চেষ্টা করব নিজেদের পক্ষে রেজাল্ট আনার জন্য। যদি সিরিজ জিততে পারি, তবে এটা আমাদের অনেক বড় অর্জন হবে।’
কেন বড় অর্জন হবে- তারও একটি ব্যাখ্যা দিয়েছেন মিরাজ। আগামী ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিতে র্যাংকিংয়ে শীর্ষ ৯-এ থাকতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের। সে চিন্তা থেকেই এটাকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। মিরাজ বলেন, ‘আমাদের র্যাংকিংয়ের একটি বিষয় আছে। তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সিরিজটি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বাড়তি আরো কিছু চাওয়া রয়েছে। সেই চাওয়াটা হলো আত্মবিশ্বাস। অধিনায়ক মিরাজের মতে, বিশ্বকাপের আগে থাকা সিরিজগুলো ভালো খেললে দল বাড়তি আত্মবিশ্বাস ফিরে পাবে।
এ নিয়ে তিনি বলেন, ‘আমরা যদি নড়বড়ে অবস্থায় বিশ্বকাপে যাই, তাহলে পজিশনটা কীভাবে থাকবে? আমরা এই সিরিজগুলোতে যদি আত্মবিশ্বাস অর্জন করতে পারি, তাহলে বিশ্বকাপের ভালো প্রস্তুতি হবে। ২০২৩ বিশ্বকাপের আগে আমরা অনেক ম্যাচ জিতেছিলাম; আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু বিশ্বকাপে আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয়, আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ।’
আত্মবিশ্বাস অর্জন আর র্যাংকিংয়ে উন্নতি করার এ সিরিজে বাংলাদেশ কেমন করে- এখন সেটাই দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

