ডন আরএমসি ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল পর্বে চারটি ম্যাচেই দেখা গেছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। ব্যাট-বল উভয় বিভাগে পারফরম্যান্সের ঝলকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।
প্রথম কোয়ার্টার ফাইনালে রাজশাহীর মহিলা কমপ্লেক্স (পদ্মা) মাঠে টসে জিতে আগে ব্যাট করে রাজশাহী কৃষি ব্যাংক। নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেটে ১২৪ রান তোলে তারা। জবাবে এনআরবিসি ব্যাংক মাত্র ৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৯ রান করে সহজ জয় তুলে নেয়। মিন্টুর ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, যেখানে ছিল ৮টি ছক্কা। বল হাতে শুভ ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মেঘনা মাঠে টসে জিতে ফিল্ডিং নেয় প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে সোনালী ব্যাংক ৭ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায়, যেখানে আরাফাত ৭৮ রান করেন। জবাবে প্রাইম ব্যাংক ১২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯০ রান করে ৭ উইকেটের জয় পায়। নাজিব ২৯ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং বল হাতেও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। তার ইনিংসে ছিল ১২টি ছক্কা।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে পদ্মা মাঠে সিটি ব্যাংক আগে ব্যাট করে ৯ উইকেটে ১৪৯ রান তোলে। সাব্বির ৩৮ রান করেন এবং পরবর্তীতে বল হাতেও ৩ উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান। জবাবে অগ্রনী ব্যাংক ১৪২ রানে থেমে গেলে ৭ রানের জয় পায় সিটি ব্যাংক। এই ম্যাচে সাব্বিরই ম্যাচসেরা নির্বাচিত হন। ছক্কার দিক থেকে এজাজ, আশিক ও সাব্বির প্রত্যেকে ৪টি করে ছক্কা মারেন।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে মেঘনা মাঠে আগে ব্যাট করে ইস্টার্ন ব্যাংক ১৫৭ রান তোলে। এলাহী ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং ৬টি ছক্কা হাঁকান। জবাবে ট্রাস্ট ব্যাংক ৮০ রানে অলআউট হয়ে গেলে ৭৭ রানের বড় জয় পায় ইস্টার্ন ব্যাংক। আলম ২৫ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।
চারটি ম্যাচ শেষে সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়েছে। প্রথম সেমিফাইনালে ১৭ এপ্রিল পদ্মা মাঠে এনআরবিসি ব্যাংক মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের। একই দিনে মেঘনা মাঠে দ্বিতীয় সেমিফাইনালে সিটি ব্যাংক খেলবে ইস্টার্ন ব্যাংকের বিপক্ষে।
এছাড়া একই দিন প্লেট ফাইনালে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল মুখোমুখি হবে পদ্মা মাঠে। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল, যেখানে দুই সেমিফাইনাল জয়ী দল শিরোপার লড়াইয়ে নামবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

