আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘দলের সাফল্যই আমার প্রথম চিন্তা’

স্পোর্টস ডেস্ক

‘দলের সাফল্যই আমার প্রথম চিন্তা’

যেকোনো বোলারের জন্য ইনিংসে পাঁচ উইকেট শিকার সব সময়ই বিশেষ কিছু। তবে দেশের মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে পাঁচ উইকেট নেওয়া নাহিদ রানার জন্য এটা বিশেষ কোনো অনুভূতি নয়; এটা সাধারণ অনুভূতি বলেই মনে করেন তিনি। পাঁচ উইকেট শিকারের এই ধারাবাহিকতা আরো সামনে ধরে রাখতে চান। আজ ম্যাচ উইনিং দারুণ এক স্পেলের পর সংবাদ সম্মেলনে এসে এ কথাটাই বারবার বলছিলেন তিনি।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ ওভারে ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা। এমন দারুণ বোলিংয়ের পর ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ্। সাধারণ অনুভূতি। বাট সামনে চেষ্টা করব কীভাবে এই জিনিসটা লম্বা সময় ধরে রাখা যায়।’

ম্যাচে পাঁচ উইকেট শিকারের পেছনের নায়ক হিসেবে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে কৃতিত্ব দেন নাহিদ রানা। ম্যাচের ১০ম ওভারে বোলিংয়ে আসা নাহিদ রানা আগের ওভারগুলোতে দেখেছেন তাসকিন-মোস্তাফিজকে বোলিং করতে। এ নিয়ে তিনি বলেন, ‘তাদের সঙ্গে মাঠে কথা বলছিলাম উইকেটে কি হচ্ছে না হচ্ছে। তারা তখন বলল যে, উইকেটে হিট করলে কিংবা লাইন-লেংথ ঠিকঠাক রাখলে ব্যাটারদের জন্য খেলা কঠিন। আমি ওই বিষয়টিই শুধু এক্সিকিউট করার চেষ্টা করেছি মাঠে।’

দারুণ বোলিং করা নাহিদ ম্যাচের পুরো সময় বোলিং করেছেন এক স্পেলে। অর্থাৎ, ৭ ওভারই করেছেন এক স্পেলে। একজন পেসারের এত লম্বা স্পেলে বোলিং করতে দেখাটা মোটেও স্বাভাবিক কিছু নয়। এ নিয়ে নাহিদের ভাষ্য ছিল, ‘আমি সব সময় চিন্তা করি দল আমার কাছে কি চায়। এ বিষয়টি আমার সর্বোচ্চটা দিয়ে সব সময় চেষ্টা করি। আমি যখন উইকেট পাচ্ছিলাম, তখন আমার বোলিং তাদের জন্য খেলা সমস্যা হচ্ছিল। আমি এ বিষয়টি লম্বা সময় কন্টিনিউ করার চেষ্টা করছিলাম। এর জন্য হয়তো অধিনায়ক চেষ্টা করছে যে, আরো দু-একটি ওভার করানো যায় কি না।’

ম্যাচে জয় নিয়ে নাহিদ রানার ভাষ্য ছিল, ‘অবশ্যই প্রত্যেকটি ম্যাচেই জয় আমাদের জন্য বিশেষ। অবশ্যই প্রত্যেকটি সিরিজে যদি প্রথম ম্যাচ জিততে পারি, তবে আরো বেশি আনন্দ হতে পারে।’

অন্যদিকে পাকিস্তানের হেড কোচ মাইক হেসনের কণ্ঠেও ছিল নাহিদ রানার প্রশংসা। এ নিয়ে তিনি বলেন, ‘নাহিদ রানা ব্যতিক্রমী। সে আসায় (বোলিং শুরুর আগ পর্যন্ত) আমরা সঠিক পথেই ছিলাম। সে-ই খেলাটা পরিবর্তন করে দিয়েছে।’

নাহিদ রানাকে নিয়ে তিনি আরো বলেন, ‘সে দারুণ বোলিং করেছে। প্রচণ্ড আগ্রাসী ছিল। দারুণ সব বাউন্সার দিয়েছে আর দারুণ গতি ছিল বোলিংয়ে।’

তবে হারের জন্য ব্যাটারদের বাজে পারফরম্যান্সই দায়ী বলে মনে করেন মাইক হেসন। তার কথায়, ‘এটা আসলে বলা সহজ। এটা খুবই হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স।’ এই ব্যাটিং পারফরম্যান্সে দল এক্সপোজড হয়েছে- এটা বলতেও দ্বিধা করেননি মাইক হেসন। এখান থেকে ঘুরে দাঁড়াবে দল- এমন বিশ্বাস রেখে হেসন বলেন, ‘পরের দুই ম্যাচে আমরা ভালো করব এবং এটাই আশা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...