ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের ব্যাটসম্যানদের দাপটে অস্ট্রেলিয়ার জন্য হতাশার হয়ে উঠেছিল। সেই হতাশারই যেন বহিঃপ্রকাশ ঘটল দিনের শেষভাগে। মেহেদী হাসান মিরাজকে ঘিরে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়লেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় আম্পায়ার কুমারা ধর্মসেনাকেও।
ঘটনার সূত্রপাত মিরাজের রান নেওয়ার সময়। স্টার্কের করা ২১তম ওভারের পঞ্চম বলে পয়েন্টের দিকে বল ঠেলে রান নিতে ছোটেন মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ব্যাটসম্যানদেরও দৌড়ানোর সময় পিচের মাঝের সুরক্ষিত অংশ এড়িয়ে চলতে হয়। কিন্তু বলের দিকে নজর রাখতে গিয়ে মিরাজ একপর্যায়ে পিচের মাঝ দিয়েই দৌড়ে যান।
মিরাজের এই দৌড় আম্পায়ার ধর্মসেনার নজর এড়ায়নি। রান শেষ হওয়ার আগেই তিনি মিরাজকে ডেকে সতর্ক করেন। মিরাজও সঙ্গে সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তার বক্তব্য ছিল, বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কী ছিল, তা তিনি বুঝতে পারেননি। বিষয়টি সেখানে শেষ হলেও মিরাজের দিকে ইঙ্গিত করে স্টার্ক কড়া ভাষায় বলেন, ‘উইকেট থেকে সরে যাও। তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’
স্টার্কের সঙ্গে মিরাজের এই বাদানুবাদে মাঠের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে আম্পায়ার ধর্মসেনা দুজনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ঘটনাটি নিয়ে অবশ্য সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং মিরাজের পক্ষেই কথা বলেছেন। চ্যানেল সেভেনের ধারাভাষ্যে পন্টিং বলেন, মিরাজ ইচ্ছাকৃতভাবে পিচের মাঝ দিয়ে দৌড়াননি।
স্টার্কের হতাশ হওয়ার কারণও ছিল যথেষ্ট। নতুন বলে তিনটি উইকেট তুলে নেওয়ার পর অস্ট্রেলিয়ার বোলারদের বেশ চাপে ফেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দিনের শেষদিকে মিরাজ ও হাসান মাহমুদও তাদের হতাশা আরো বাড়িয়ে দেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৬ উইকেটে ৩৫১ রান তুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৩ রানের লিড নিয়েছে। হাতে রয়েছে আরো চার উইকেট। মিরাজ ৩২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তার সঙ্গে উইকেটে থাকা হাসান মাহমুদ অপরাজিত ১৩ রানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

