বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অ্যাড-হক কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ম্যানেজমেন্ট অফিসে। সভায় ক্রিকেট প্রশাসন ও ভবিষ্যৎ নির্বাচনের রূপরেখা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তিনটি অ্যাড-হক কমিটি বিলুপ্ত করা। চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের পূর্বে গঠিত অ্যাড-হক কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে বাতিল করা হয়েছে।
এছাড়া বিসিবি নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রথম ধাপে বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরির কাউন্সিলর মনোনয়নের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পরবর্তী ধাপ হিসেবে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। এই কমিশনে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধি এবং বিসিবির মনোনীত দুইজন সদস্য।
সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে কোকার-কোলা বাংলাদেশকে বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বিসিবির এই সিদ্ধান্তগুলোকে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রস্তুতির প্রেক্ষাপটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

