বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরু পেয়েছে পাকিস্তান। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো অবস্থানে পৌঁছে গেছে পাকিস্তান। ওপেনার সাদাকাতের ঝড়ো ফিফটিতে ১০ ওভারে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৮৫ রান। সাদাকাত ৬৩ ও সাহেবজাদা ফারহান ১৫ রানে অপরাজিত আছেন।
ইনিংসের প্রথম ওভার করেন তাসকিন আহমেদ। ওভারের পঞ্চম বলে পায়ের ওপর হাফ ভলি পেয়ে সহজেই চার মারেন ফারহান। বাকি বলগুলোতে ভালো বাউন্স ও নিয়ন্ত্রণ দেখিয়েছেন তাসকিন।
দ্বিতীয় ওভারে বল হাতে আসেন মোস্তাফিজুর রহমান। কিন্তু শুরুটা ভালো হয়নি তার। ওভারের প্রথম দুই বলেই চার হজম করেন এই বাঁহাতি পেসার। ফলে দুই ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ১৪ রান।
তৃতীয় ওভারে তাসকিনকে টার্গেট করে হাত খুলে খেলতে শুরু করেন সাদাকাত। একটি নো বলে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মারার পর দৃষ্টিনন্দন আরেকটি শটে আবারও বল পাঠান একই অঞ্চলে। সেই ওভার থেকে আসে ১৬ রান। পরের ওভারে মোস্তাফিজ তুলনামূলক নিয়ন্ত্রিত বোলিং করে দেন ৫ রান।
পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম ওভারেই ছক্কা হজম করেন তরুণ পেসার নাহিদ রানা। সাদাকাত সোজা ব্যাটে বল পাঠান গ্যালারিতে। ওই ওভারে পাকিস্তান তোলে ১০ রান।
সপ্তম ওভারে নাহিদ রানার বলেই এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার ফারহানকে আউট দেন। তবে রিভিউ নেওয়ার পর দেখা যায় বলটি স্টাম্পের ওপর দিয়ে যাচ্ছিল। ফলে সিদ্ধান্ত বদলে যায় এবং বেঁচে যান পাকিস্তানি ওপেনার।
৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৫১ রান। সাদাকাত ২৩ বলে ৪১ রানে অপরাজিত থেকে দলের রান তোলার গতি বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ফারহান ২০ বলে ৯ রান করে ক্রিজে থাকলেও তাকে খুব একটা স্বচ্ছন্দ মনে হচ্ছে না।
তাসকিনের করা অষ্টম ওভারে লং অন দিয়ে ছক্কা মারেন সাদাকাত। পরের ওভারে নাহিদের দ্বিতীয় বলে চার বলে তুলে নেন ৩১ বলে ফিফটি। তৃতীয় বলে মারেন ছক্কা! দুর্দান্ত ব্যাট করছেন সাদাকাত। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই প্রথম ফিফটির দেখা পেলেন এ বাঁহাতি। নাহিদ রানা এ ওভারে মোট ২০ রান দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

