পাকিস্তানের দাপুটে জয়ে সিরিজ শেষ সমতায়

পাকিস্তানের দাপুটে জয়ে সিরিজ শেষ সমতায়

তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল পাকিস্তান। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে সফরকারীরা। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ ড্র হলো। একই সঙ্গে দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়ক হিসেবে বাবর আজমের যাত্রাও শুরু হলো জয় দিয়ে।

চতুর্থ দিনের শুরুতেই ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায়। আগের দিন ৭৫ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ শেষ চার উইকেট হারায় মাত্র আধা ঘণ্টার মধ্যে। আলি উসমান ও মোহাম্মদ আলীর নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস দ্রুত গুটিয়ে যায়। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান।

বিজ্ঞাপন

দিনের শুরুতেই আগের দিনের যোগাড়ের সঙ্গে কোনো রান যোগ না করেই বিদায় নেন কেমার রোচ। এরপর মোহাম্মদ আলীর বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হন জাস্টিন গ্রিভস। ইনজুরির কারণে ব্র্যান্ডন কিং ব্যাট করতে না পারায় শেষ ভরসা ছিলেন শামার জোসেফ। কয়েকটি বাউন্ডারি হাঁকালেও আলি উসমানের বলে ক্যাচ দিয়ে ফিরলে ১৮৯ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। ইমাম-উল-হক ও আজান আওয়াইস দ্রুত ফিরে গেলেও এরপর বাবর আজম ও আবদুল্লাহ শফিক আর কোনো বিপদ হতে দেননি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক ও হাফসেঞ্চুরিয়ান বাবর ছিলেন আগ্রাসী। লাঞ্চের পর দুজনে অপরাজিত ২৪ রানে থেকে দলকে জয় এনে দেন।

এই জয়ে বিদেশের মাটিতে টানা আট টেস্টে জয়হীন থাকার হতাশা কাটাল পাকিস্তান। আসন্ন ইংল্যান্ড সফরের আগে দলটি ফিরে পেল আত্মবিশ্বাসও।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২৮০ ও ১৮৯ পাকিস্তান: ৩৯৫ ও ৭৬/২

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী। সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন