দেশের ক্রিকেটে ঢাকাকেন্দ্রিকতা কমানো এবং তৃণমূল থেকে মানসম্মত ক্রিকেটার তুলে আনতে দেশের ৭টি বিভাগীয় শহরে বিসিবি একাডেমি স্থাপনের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। রোববার বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জানান তামিম। এর বাইরে বিসিবি ট্রেনিং ও রিকভারি সেন্টার, নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন নীতিমালা এবং আন্তর্জাতিক সূচিতে নতুনত্ব আনার পরিকল্পনার কথা তুলে ধরেন।
দেশের ৭ বিভাগীয় শহরে বিসিবির নিজস্ব একাডেমি চালুর ঘোষণা দিয়ে তামিম জানান, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালের মতো শহরগুলোতে যেসব মাঠ, ইনডোর ও কোচিং সুবিধা রয়েছে, সেগুলো কাজে লাগিয়েই এই একাডেমিগুলো শুরু হবে।
তামিম বলেন, ‘আমরা স্থানীয় একাডেমিগুলোকে চ্যালেঞ্জ করতে চাই না; বরং তাদের থেকে উঠে আসা প্রতিভাবানদের আরও প্রস্তুত করতে চাই। প্রতি শুক্র, শনি ও বৃহস্পতিবার এই একাডেমিগুলোর কার্যক্রম চলবে, যাতে ক্রিকেটারদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। নির্বাচিত ক্রিকেটারদের জন্য এটি সম্পূর্ণ ফ্রি হবে।’
ভবিষ্যতে অবকাঠামোগত সুবিধা বাড়লে পর্যায়ক্রমে ৬৪ জেলায় এই একাডেমি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
ক্রিকেটারদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সুইমিং পুল, রিকভারি সেন্টার, নতুন জিম ও অ্যাথলেটিক ট্র্যাক নিয়ে নির্মিত হচ্ছে ‘বিসিবি ট্রেনিং অ্যান্ড রিকভারি সেন্টার’। তামিম জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। এই প্রকল্পের জন্য প্রাইম ব্যাংকের সঙ্গে পাঁচ বছরের স্পন্সরশিপ চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে অবকাঠামো নির্মাণে বিসিবির মোট বিনিয়োগের ৬০ থেকে ৭০ শতাংশ অর্থ উঠে আসবে বলে জানান তামিম।
নারী ক্রিকেটারদের জন্য দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বোর্ড। প্রথমত, যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে বিসিবির প্রভাবমুক্ত একটি সম্পূর্ণ স্বাধীন অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয়ত, নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটি এবং সন্তান জন্মদানের পর মাঠে ফেরার পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা হয়েছে। এতে ছুটির সময়কালীন বেতন ও পুনর্বাসন সুবিধার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যা আসন্ন বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন পাবে।
আগেই জানা গিয়েছিল লস অ্যাঞ্জেলস অলিম্পিকের বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা নিশ্চিত করে তামিম জানান, আটটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ম্যাচগুলো ঢাকায় আয়োজনের পরিকল্পনা চলছে।
আসন্ন এশিয়া কাপ আয়োজিত হবে বাংলাদেশে। তার আগে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য বিসিবির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে। উই বোর্ডের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে বলে জানান তামিম। তবে এখনও বিষয়টি আলোচনার পর্যায়েই আছে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

