গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ
ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। শনিবার আয়োজিত এ বিক্ষোভে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘সংহতি কোনো অপরাধ নয়—ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগানে বার্লিনের ইউনাইটেড প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কমিটি এ বিক্ষোভের আয়োজন করে। শহরের ইনসব্রুকার প্লাৎজ মেট্রো স্টেশনের কাছে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

পরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে শহরের কেন্দ্রস্থলের দিকে মিছিল করেন। এ সময় তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘গণহত্যা বন্ধ করো’, ‘একটি গণহত্যা অন্য গণহত্যাকে বৈধতা দেয় না’, ‘বয়কট’ ও ‘ফিলিস্তিনকে মুক্ত করো’।

বিক্ষোভ থেকে গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ফিলিস্তিনি চিকিৎসক হুসাম আবু সাফিয়ার মুক্তিও দাবি করা হয়। ২০২৪ সালে ইসরাইলি বাহিনী তাকে আটক করে। এরপর থেকে আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই তিনি আটক রয়েছেন।

এ সময় ইসরাইলকে জার্মানির সমর্থন দেওয়ারও সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তারা ‘ইসরাইল বোমা হামলা চালায়, জার্মানি সমর্থন দেয়’, ‘আমরা বিচার চাই’ এবং ‘আমরা সবাই ফিলিস্তিনি’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ ঘিরে পুরো এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।

সূত্র: মিডল ইস্ট মিনটর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...