ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লোভনীয় প্রস্তাব পাশে সরিয়ে এবার দেশের দায়িত্বকেই অগ্রাধিকার দিলেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। লক্ষ্য একটাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য শতভাগ প্রস্তুত হওয়া।
এলপিএলে অংশ নেওয়ার উদ্দেশ্যেই জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজ শেষে তার শ্রীলঙ্কায় যাওয়ার পরিকল্পনা ছিল। সে অনুযায়ী বিসিবিও আগে থেকেই তাকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল। তবে পেসার মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় পরিস্থিতির পরিবর্তন হয়। দলের প্রয়োজনে তাসকিনকে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজেও রেখে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পরিকল্পনা অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এলপিএলে যোগ দেওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত সে পথে হাঁটেননি তাসকিন। শ্রীলঙ্কায় না গিয়ে তিনি জিম্বাবুয়ে থেকেই সরাসরি দেশে ফিরছেন। কয়েক দিনের বিশ্রামের পর লাল বলের অনুশীলনে মনোযোগ দিয়ে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু করবেন এই পেসার।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, তাসকিনকে অনেক আগেই এলপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। ১২ জুলাই থেকে তার এনওসি কার্যকর হওয়ার কথাও ছিল। কিন্তু মুস্তাফিজের ইনজুরির কারণে তাকে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়।
নাফীস বলেন, তাসকিন মনে করেছেন এলপিএলে খেলার চেয়ে দেশে ফিরে বিশ্রাম নিয়ে লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নেওয়াই বেশি প্রয়োজন। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে তিনি পুরোপুরি প্রস্তুত থাকতে চান। বিসিবিও তার এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছে।
আগামী আগস্টের শুরুতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে আগামী সপ্তাহের শুরুতেই টেস্ট সিরিজের দল ঘোষণা করতে পারে বিসিবি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। কঠিন কন্ডিশনে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম প্রধান ভরসা তাসকিনকে ঘিরে তাই প্রত্যাশাও অনেক বেশি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

