অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে আজ

সিরিজ ৩-০ করার অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

সিরিজ ৩-০ করার অপেক্ষায় বাংলাদেশ

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের প্রথম জয়টি ৮৬ রানের। আর পরেরটি পাঁচ উইকেটে। এ দুটি জয়ই বাংলাদেশের জন্য ঐতিহাসিক। প্রথমটি ছিল ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড। আর দ্বিতীয়টি আরো বড় সাফল্যে রূপ নিয়েছে। ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জিতল বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আরেকটি নতুন রেকর্ডের হাতছানি। এ ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়াকে প্রথমবার কোনো ক্রিকেট সিরিজে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়াকে সিরিজে ৩-০ ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে স্বাগতিকরা।
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নাথান অ্যালিসের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তাকে হাসপাতালেও যেতে হয়েছে। তৃতীয় ওয়ানডের আগে সুস্থবোধ করলেও মিরাজ খেলতে পারবেন কি নাÑসে সিদ্ধান্ত আজ ম্যাচ শুরুর আগে নেওয়া হবে। শেষ পর্যন্ত যদি খেলতে না পারেন মিরাজ, তাহলে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ আগের দুই ম্যাচের দল অপরিবর্তিত রাখলেও শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে শেখ মেহেদী হাসানকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে এই অফস্পিনারের।
সিরিজ জয় নিশ্চিত হলেও তৃতীয় ওয়ানডে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে চাইবে না বাংলাদেশ। পূর্ণশক্তি নিয়েই শেষ ম্যাচের লড়াইয়ে নামবে স্বাগতিকরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওপেনার সৌম্য সরকার বলেছেন, ‘৩-০ ব্যবধানে (সিরিজ) জিততে পারলে আরো বড় অর্জন হবে। আমাদের লক্ষ্যও থাকবে এটা। আমরা ইতিবাচক ক্রিকেট খেলব।’ ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পাচ্ছে বাংলাদেশ। আর এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পেসাররা। বাংলাদেশের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারছেন না অজি ব্যাটাররা। তাসকিন, মোস্তাফিজ ও নাহিদ রানারা আলো ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন। সৌম্য সরকার বলেন, ‘এখন তাসকিন- মোস্তাফিজ বল করছে। তৃতীয় পরিবর্তনে রানা আসছে। যখন রানা একদিন একটু কম উইকেট পাচ্ছে, সেদিন মোস্তাফিজ নিয়ে নিচ্ছে। এটা খুব ভালো ব্যাপার। দলের মধ্যে খুব ভালো সময় যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমার দেখা মতে যে কোনো কন্ডিশনে ও যে কোনো দেশে আমাদের পেস বোলিং ইউনিট অন্যতম সেরা। আমার মনে হয়, যে কোনো দল আমাদের বিপক্ষে খেলতে গেলে অবশ্যই আমাদের পেস বোলিং আক্রমণ নিয়ে চিন্তা করবে। বাইরে খেলতে গেলে তখন তারা চিন্তা করবে পেস বোলিং উইকেট দেবে কি না।’
আগের দুই ম্যাচে বাংলাদেশের পেস সামাল দিতে ব্যর্থ অস্ট্রেলিয়া কি আজ কোনো সমাধান খুঁজে পাবে?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন