একটাই পরিকল্পনা, ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতা: মিরাজ

স্পোর্টস রিপোর্টার

একটাই পরিকল্পনা, ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতা: মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে টানা তিনটি সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবারও ভালো ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার না আসার প্রসঙ্গ উঠলে মিরাজ বলেন, প্রতিপক্ষের অনুপস্থিত খেলোয়াড়দের নিয়ে বেশি ভাবতে চান না তারা।

‘আমরা এর আগেই শুনেছিলাম যে দুইজনের বিষয়টা। পরে নিশ্চিত হয়েছি তারা আসছে না। তারপরও আমরা দল হিসেবে চিন্তা করছি, ওরা যে দল নিয়ে এসেছে সেটাও অনেক ভালো এবং শক্তিশালী দল। আমরা ওদের নিয়ে বেশি চিন্তা না করে নিজেদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব।’

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, সাম্প্রতিক সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

‘প্রথম দিকে অনেক সমালোচনা হয়েছে, আর সমালোচনা হবেই। আমরা যদি ভালো না করি, এটা মেনে নিতে হবে। তবে শেষ তিনটা সিরিজ আমরা জিতেছি। সামনে বিশ্বকাপ আছে, তাই এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমাদের জন্য ভালো হবে। বিশ্বকাপে কীভাবে খেলব, সেই মানসিক প্রস্তুতিটাও এখন থেকেই নিতে হবে।’

বাংলাদেশের ক্রিকেটাররা বর্তমানে ভালো ছন্দে রয়েছেন বলেও মনে করেন মিরাজ।

‘সবাই অনেক ফর্মে আছে। ব্যাটসম্যানরা, বোলাররা খুব ভালো ছন্দে আছে। ঢাকা প্রিমিয়ার লিগেও সবাই ভালো খেলেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে অনেক বছর পর সিরিজ খেলছি। যেহেতু নিজেদের মাঠে খেলছি, সুযোগটা কাজে লাগাতে পারলে আমাদের জন্য খুবই ভালো হবে।’

তবে সিরিজ ঘিরে বাড়তি কোনো পরিকল্পনা নয়, মিরাজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই।

‘আমাদের একটাই পরিকল্পনা, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...