বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, তার পরিবর্তে নতুন অধিনায়ক হচ্ছেন লিটন দাস। ফলে টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও জাতীয় দলকে নেতৃত্ব দেবেন এই উইকেটকিপার-ব্যাটার। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি আমার দেশ-কে নিশ্চিত করেছে। বুধবার বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের নেতৃত্ব ও ব্যক্তিগত পারফরম্যান্স—দুটিই ছিল আলোচনায়। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের পর তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা আরও জোরালো হয়। এরপর থেকেই নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
লিটন এরই মধ্যে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সাদা বলের দুই সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। অন্যদিকে টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে থাকা মিরাজ বুধবার দেশে ফিরেছেন। অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে জাতীয় দলে যোগ দিতেই মাঝপথে এলপিএল ছেড়ে ফিরতে হয়েছে এই অলরাউন্ডারকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

