বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে এসেছিল ৯ ওভারে। এমন লড়াইয়ে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল ৮৮। এই সমীকরণও মেলাতে পারেনি দেশের নারী দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ রানের বেশি লক্ষ্যে কখনো পৌঁছে না পারা বাংলাদেশ সিলেটে আজ এই টার্গেটও স্পর্শ করতে পারেনি। যদিও লাল-সবুজের প্রতিনিধিরা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। কাছাকাছি গিয়েও জয়ের দেখা পায়নি মাত্র ৩ রানের জন্য। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কান কন্যারা।
শেষ ২ বলে দরকার ছিল ৬ রান। কিন্তু এই সমীকরণটা মেলাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। জয়ের স্বপ্ন গড়েও ৩ রানে হার মেনেছে বাংলাদেশ। বৃষ্টির হানায় দেরিতে শুরু হওয়া ম্যাচে শ্রীলঙ্কা গড়েছিল ৬ উইকেটে ৮৭ রানের পুঁজি। লক্ষ্য তাড়া করতে নেমে সমান ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছে ৮৪ রান।
এই ম্যাচের চিত্রনাট্যের সঙ্গে আগের দুই ম্যাচের চিত্রনাট্যের রয়েছে দারুণ মিল। প্রথম দুই ম্যাচেও পরে ব্যাটিং করেছেন জ্যোতিরা। ওই দুই ম্যাচে উদ্বোধনী ব্যাটাররা দারুণ শুরু এনে দিলেও মিডল অর্ডার ব্যর্থতার গল্প লেখায় যথাক্রমে ২৫ ও ২১ রানে হার মেনেছিল বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অবশ্য জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তারের উদ্বোধনী জুটিতে ভালো করতে পারেননি। ১.২ ওভারে ১৩ রান সংগ্রহ করেই বিদায় নেন দিলারা। তার আউটে ভেঙে যায় পার্টনারশিপ। জুয়াইরিয়া ও সোবহানা মোস্তারির দ্বিতীয় উইকেট পার্টনারশিপে জয়ের স্বপ্ন বুনতে থাকে বাংলাদেশ। এই জুটিতে যোগ হয় ২০ বলে ৩০ রান। জুয়াইরিয়া (১১ বলে ১৫) আউট হলে ভাঙে তাদের জুটি।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৮৭/৬, ৯ ওভার (আতাপাত্তু ৪১, দুলানি ১৯, দিলহারি ১৫; সুলতানা ৩/৮, সানজিদা ১/১৬)।
বাংলাদেশ : ৮৪/৬, ৯ ওভার (সোবহানা ২১, জুয়াইরিয়া ১৫, নিগার ১৩; আতাপাত্তু ২/১৫, সুগান্দিকা ২/২২)।
ফল : শ্রীলঙ্কা ৩ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা ৩-০-তে জয়ী।
ম্যাচ ও সিরিজ সেরা : চামারি আতাপাত্তু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

