গতির সঙ্গে দারুণ সব বাউন্সার। পাকিস্তান ও নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে যেভাবে পরাস্ত করেছিল, সেটাই মিরপুর টেস্টে করতে চেয়েছিল বাংলাদেশ। সবাই অপেক্ষায় ছিল বল হাতে বাংলাদেশি বোলাররা কেমন করে-সেটা দেখার। গতির ঝড় আর বাউন্সার সবই ছিল নাহিদ রানা-তাসকিন আহমেদদের বলে। তবে সেটা বেশ এলোমেলো। ঠিকঠাক জায়গায় বল ফেলে পাকিস্তানি ব্যাটারদের বিপদে ফেলতে পারেনিÑএমনটাই মনে করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
আজ দ্বিতীয় দিনে বিধ্বস্ত এক দিন শেষে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। সেখানেই এ বিষয়ে কথা বলেন।
দিনের শুরুতে ভালো করার সুযোগ থাকলেও সেটা করতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘সকালে পাকিস্তান আসলে ভালো বোলিং করেছে। আমাদের জুটি হওয়াটা খুব কষ্টকর ছিল। সেখান থেকে আরেকটি ভালো জুটি হলে আমাদের জন্য ভালো হতো। দিন শেষে আমরা তো ৪০০ রান ক্রস করছি। আমার মনে হয় আর ৫০-৬০ রান করলে আমাদের জন্য অনেক ভালো হতো।’
আর বোলিং নিয়ে বলেন, ‘আমি মনে করি আমরা একটু এলোমেলো বল করেছি আজকে (গতকাল)। যেহেতু এটা টেস্ট ক্রিকেট, ফেরার অনেক সুযোগ আছে। আমরা এটা আবার ভেবে দেখব, আসলে কোথায় বল করতে হবে এ উইকেটে, কোন জায়গায় করলে ব্যাটারদের আরো বেশি কঠিন পরিস্থিতিতে ফেলবে। হয়তো আমরা কাল আবার ভালোভাবে ম্যাচে ফিরতে পারব।’
আজ এক উইকেটে ১৭৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। এর জন্য পাকিস্তানি ব্যাটারদের যতটা না কৃতিত্ব, তারচেয়ে বেশি দায় দেখেন বোলারদের। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আসলে ব্যাটিং করাটা অনেক সময় সহজ, যখন আপনি বাজে বল করবেন। আমরা একটু এলোমেলো বল করে ফেলেছি, এ কারণে হয়তো রানটা খুব দ্রুত উঠে গেছে। আমরা যদি ভালো চ্যানেলে বল করতাম, তাহলে হয়তো এত রান উঠত না।’
ধারাবাহিকভাবে ভালো বল করা বাংলাদেশ গতকাল কেন ধারা ভেঙে ফেললÑসে ব্যাখ্যায় সালাউদ্দিন বলেন, ‘যখন দেখবেন উইকেটে ঘাস আছে, তখন বোলারদের এক্সাইটেড হওয়ার চান্স থাকে। মনে হয় ওখানেই আমরা ভুলটি করেছি। আমাদের ভালো জায়গায় নামাটা খুব বেশি জরুরি ছিল। আর এখানেই আমরা ভুলটি করেছি।’
বাজে বল করার পাশাপাশি ফিল্ডিং নিয়েও আছে অভিযোগ। দুই ক্যাচ মিসের পাশাপাশি বেশ কয়েকবার ফিল্ডিংও মিস করেছে বাংলাদেশ। স্লিপে দুই ক্যাচ মিস নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমাদের কিছু জায়গায় উন্নতি অনেক দরকার। বিশেষ করে স্লিপ ক্যাচিংয়ে। কারণ, এটা একটি বিশেষায়িত জায়গা।’
বোলিং নিয়ে অভিযোগ থাকা বাংলাদেশের এখন লক্ষ্য আজ ভালো খেলা, ভালো জায়গায় বল করা। টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত সময় থাকেÑসেটা মাথায় রেখেই সালাউদ্দিনের আশা এখন ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

