ইয়েমেনের অবরোধ প্রত্যাহার চায় ইরান

 ইয়েমেনের অবরোধ প্রত্যাহার চায় ইরান
ছবি: রয়টার্স

ইয়েমেনের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো হলে তবেই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হবে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে ইয়েমেনের ওপর চলমান ‘অবৈধ ও অমানবিক অবরোধ’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছে।

আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের সমস্যার সমাধান অবরোধ অব্যাহত রাখা বা সামরিক উত্তেজনা বাড়ানোর মাধ্যমে সম্ভব নয়। ইয়েমেনের জনগণের চাপ, ভয়ভীতি ও নির্মম অবরোধমুক্ত মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ‘ইসলামি উম্মাহর স্বার্থ’ বিবেচনায় নিতে হবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ইরান।

ইরানের ভাষ্য অনুযায়ী, পশ্চিম এশিয়া বর্তমানে ‘জায়নবাদী শাসনের’ নজিরবিহীন বিশৃঙ্খলা, অবিচার ও সম্প্রসারণবাদের মুখে রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা রয়েছে বলেও অভিযোগ করেছে ইরান।

এদিকে ইয়েমেন ইস্যুতে অবিলম্বে সংলাপ পুনরায় শুরুর ওপর জোর দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগে সম্মত হওয়া রোডম্যাপের ভিত্তিতে এই সংলাপ শুরু করতে হবে। একই সঙ্গে রোডম্যাপের সব বিধান বাস্তবায়ন করতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, সংলাপ পুনরায় শুরু এবং রোডম্যাপ বাস্তবায়নের পথে যেকোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করতে ইরান প্রস্তুত।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন