ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে প্রথম টেস্টের উদ্বোধনী দিনে শুরুটা ছিল সফরকারী পাকিস্তানের। তবে বৃষ্টিবিঘ্নিত দিনের বাকি সময়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ। কেভেম হজের অপরাজিত ৮৩ রানের ইনিংসে ভর করে দিন শেষে ৩ উইকেটে ১৯৪ রান তুলেছে স্বাগতিকরা।
বৃষ্টির কারণে প্রথম দিনের খেলায় প্রায় দুই ঘণ্টা নষ্ট হয়। মাত্র ৬৭ ওভার খেলা সম্ভব হলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান শক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেটে কেভেম হজ ও শাই হোপ অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে দিন শেষ করেন। হজ ৮৩ ও হোপ ৩৯ রানে অপরাজিত আছেন।
সকালের সেশনে অবশ্য পুরো নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৪.১ ওভারে মাত্র ২৩ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। নিখুঁত লাইন-লেন্থে বোলিং করে শুরু থেকেই চাপে রাখেন মোহাম্মদ আব্বাস। নিজের প্রথম সাত ওভারের পাঁচটিই ছিল মেডেন। শেষ পর্যন্ত ৮ রান করা ব্র্যান্ডন কিংকে বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন তিনি।
এরপর বৃষ্টিতে দীর্ঘ বিরতির পর খেলা শুরু হলে বদলে যায় ম্যাচের চিত্র। আর্দ্রতার কারণে উইকেটে সীম মুভমেন্ট বাড়লেও ইতিবাচক ব্যাটিং করেন কেভেম হজ। আব্বাসের নতুন স্পেলে পরপর বাউন্ডারি হাঁকিয়ে চাপ কাটিয়ে ওঠেন তিনি। ত্যাগনারায়ণ চন্দরপলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে পঞ্চাশের বেশি রানের জুটি গড়েন।
তবে পাকিস্তান আবারও আঘাত হানে। আমের জামালের বলে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে সালমান আগার হাতে ধরা পড়েন চন্দরপল। তিনি ৪০ বলে ২৮ রান করেন।
এর কিছুক্ষণ পর জশুয়া ডি সিলভার বদলে নামা জাঙ্গুকেও ফেরান আব্বাস। উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান স্টাম্পের কাছে উঠে আসায় বিভ্রান্ত হন এই ব্যাটার। আম্পায়ার প্রথমে এলবিডব্লিউ না দিলেও পাকিস্তানের রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩ উইকেটে ১০৬।
সেই অবস্থায় হজই ইনিংসের হাল ধরেন। একদিকে পাকিস্তানের দুই প্রধান পেসার আব্বাস ও মোহাম্মদ আলিকে সাবধানে সামলেছেন, অন্যদিকে আমের জামাল ও অভিষিক্ত স্পিনার আলি উসমানকে সুযোগ পেলেই আক্রমণ করেছেন। আলি উসমানের বিপক্ষে কভারের ওপর দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক পূর্ণ করেন তিনি।
দিনের শেষ সেশনে দুই দলের মধ্যেই ছিল ধৈর্যের লড়াই। আলো কমে আসার আগে পর্যন্ত কোনো বাউন্ডারিই হয়নি। তবু উইকেট না হারিয়ে ধীরে ধীরে স্কোর এগিয়ে নিয়ে যান হজ ও হোপ। ফলে প্রথম দিনের শেষে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। একটি উইকেট পেয়েছেন আমের জামাল।
ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দুই দলের খেলোয়াড় এবং ম্যাচ কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

