ফাইনালের মধ্য দিয়ে আগামীকাল পর্দা নামবে বিসিএলের এবারের আসরের। উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল মুখোমুখি হবে এবারের ফাইনালে। এই বিসিএলের পাশাপাশি পাকিস্তান সিরিজের আগে আরো একটি বাড়তি ম্যাচ খেলার সুযোগ পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ৭ মার্চ মিরপুরে বিসিএল অল স্টার্স একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
বিসিএলের ফাইনাল শেষে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন নাজমুল হোসেন শান্ত-মেহেদি হাসান মিরাজরা। এমন প্রস্তুতির মাঝেই এই ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। বিসিএল অল স্টার্স একাদশে থাকবেন বিসিএলে পারফর্ম করা ক্রিকেটাররা।
এ ম্যাচের জন্য এখনো স্কোয়াড চূড়ান্ত করেনি বিসিবি। জানা গেছে, আগামী ৬ মার্চ এই ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হবে। এই ম্যাচ শেষে পাকিস্তান সিরিজের বাকি প্রস্তুতি নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। সবকিছু ঠিক থাকলে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

