ফিফা আসিয়ান কাপ

জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন হামজা

জাকার্তায় দলের সঙ্গে
যোগ দেবেন হামজা

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ঘরোয়া ফুটবলে খেলা ২৮ খেলোয়াড় নিয়ে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন কোচ থমাস ডুলি। ফিফা উইন্ডোতে (২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত) দলের সঙ্গে যোগ দেবেন বিদেশি লিগে খেলা প্রবাসী ফুটবলাররা। সম্প্রতি লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তার ক্লাব শেফিল্ডের ম্যাচ রয়েছে। তাই এর আগে বাংলাদেশ জাতীয় দলে যোগ দিতে পারছেন না তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হবে ফিফা আসিয়ান কাপ-২০২৬। এ টুর্নামেন্ট শুরুর অন্তত এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় যেতে চায় বাংলাদেশ দল। কেননা, ইন্দোনেশিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে। তাই হামজা সরাসরি ইংল্যান্ড থেকে জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে এমনটাই জানা গেছে।

অন্যদিকে বাংলাদেশের আরেক গুরুত্বপূর্ণ প্রবাসী খেলোয়াড় শমিত সোম। দলবদলের মৌসুমে তিনিও ক্লাব পরিবর্তন করেছেন। কানাডা লিগ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এই মিডফিল্ডার। খেলছেন নিউ ইয়র্ক কসমসের হয়ে। তবে ফিফা উইন্ডোর মধ্যেও তার ক্লাব কসমসের বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। অবশ্য ফিফা উইন্ডোতে জাতীয় দলের খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলো বাধ্য থাকায় শমিতকে দলে পাওয়ার আশা করছে বাংলাদেশ। এছাড়া প্রবাসী জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলামও বিদেশের লিগে খেলছেন। কদিনের মধ্যে তারা দলের সঙ্গে যোগ দেবেন আশা করছেন বাংলাদেশের কোচ ডুলি।

বিজ্ঞাপন

আসিয়ান কাপের আগে অন্তত দুটি প্রীতি ম্যাচ খেলে প্রস্তুত হতে চায় বাংলাদেশ ফুটবল দল। এরই মধ্যে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। তবে এখনো প্রতিপক্ষ কারা হবেÑসেটি চূড়ান্ত হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন