এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই

সিরিয়ার কাছে হেরে আরও কঠিন হলো বাংলাদেশের পথ

সিরিয়ার কাছে হেরে আরও কঠিন হলো বাংলাদেশের পথ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় হারে বড় ধাক্কা খেল বাংলাদেশ। প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারের পর এবার সিরিয়ার বিপক্ষেও একই ভাগ্য বরণ করতে হলো জেরার্ড জোন্সের দলকে। বৃহস্পতিবার তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটি বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে। প্রথমার্ধেই দুই গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করে।

বিজ্ঞাপন

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সিরিয়ার হাতে। ১৭ মিনিটে আব্দুল্লাহ আলনাজারের প্লেসিং শট দুর্দান্ত ক্ষিপ্রতায় ঠেকান বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরী। এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় সিরিয়া। ৪৪ মিনিটে আলান মামোর নিচু শটে অবশেষে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশের ভুল পাস থেকে সুযোগ নিয়ে মারিওসতেলুস আলহেরেক ব্যবধান ২-০ করেন।

বিরতির পর বাংলাদেশ কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করলেও সিরিয়ার ওপর চাপ তৈরি করতে পারেনি। উল্টো শেষ দিকে আবারও আক্রমণে ওঠে সিরিয়া। গোলরক্ষক রাজ ৭৩ ও ৮৫ মিনিটে দুটি ভালো সেভ করে দলকে বাঁচান। তবে শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। বক্সের বাইরে পাওয়া ফ্রি কিকে আলনাজারের নেওয়া নিচু শট অদ্ভুতভাবে গড়িয়ে জালে জড়ালে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সিরিয়া।

দুই ম্যাচে দুই হার নিয়ে ‘বি’ গ্রুপে এখন কঠিন অবস্থায় বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইয়ে টিকে থাকতে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই যুবাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন