কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও শুধু গতানুগতিক পরিসংখ্যান বা কাগজ-কলমে হিসাবের পরিবর্তনের সন্তুষ্টিতে থাকতে নারাজ সরকার। সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের হার ১৬.৪ শতাংশে নেমে আসাকে ইতিবাচক হিসেবে দেখা হলেও, সুস্থ ও দক্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রকৃত মানদণ্ডে তা এখনো বেশি বলেই মনে করছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংকটির কাঠামোগত দুর্বলতা দূর করতে এবং আর্থিক সক্ষমতা স্থায়ীভাবে বাড়াতে নতুন নির্দেশনায় বলা হয়েছে—শুধু ঋণের শ্রেণি পরিবর্তন বা কৃত্রিমভাবে হিসাব সুন্দর (এভারগ্রিনিং) করার দিন শেষ; এখন থেকে কঠোর নজরদারি, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রকৃত নগদ অর্থ আদায়কেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট’ সুবিধা যেন প্রকৃত ঋণ নিষ্পত্তি ও নগদ আদায়ের কাজে ব্যবহৃত হয়, ঋণ দীর্ঘায়িত করার আরেকটি পথ হয়ে না ওঠে—সে বিষয়েও বিশেষ নজর দিতে বলা হয়েছে। সম্প্রতি সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে এক বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এসব বিষয় তুলে ধরেন। বৈঠকে ব্যাংকের আর্থিক ও পরিচালন অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, সমস্যা, ঝুঁকি, সম্ভাবনা এবং প্রয়োজনীয় নীতি সহায়তা নিয়ে সরকার, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার মধ্যে খোলামেলা মতবিনিময়ই ছিল এর উদ্দেশ্য।

বিজ্ঞাপন

জানা গেছে, শ্রেণিকৃত ঋণ আদায় ও সমন্বয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট’ সুবিধা নিয়েও সভায় আলোচনা হয়েছে। সোনালী ব্যাংকের কতসংখ্যক ও কী ধরনের শ্রেণিকৃত ঋণ এ সুবিধার আওতায় আসতে পারে, কত আবেদন পাওয়া গেছে এবং কতগুলো নিষ্পত্তি হয়েছে—এসব বিষয়ে পরিচালনা পর্ষদের তথ্য ও মতামত জানতে চাওয়া হয়েছে।

বৈঠকে উৎপাদনশীল বিনিয়োগ, কর্মসংস্থান এবং ক্ষুদ্র, ছোট, মাঝারি ও কুটির শিল্পে অর্থায়ন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হলেও এসব খাতে সোনালী ব্যাংকের ঋণ লক্ষ্যমাত্রা অর্জনের হার রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর গড়ের তুলনায় কম।

ব্যাংকের বড় শাখা নেটওয়ার্ক, শক্তিশালী আমানতভিত্তি ও প্রত্যন্ত অঞ্চলে উপস্থিতি কাজে লাগিয়ে ক্ষুদ্র, ছোট, মাঝারি ও কুটির শিল্প, কৃষি, নারী ও নতুন উদ্যোক্তা এবং অন্যান্য উৎপাদনশীল খাতে অর্থায়ন বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এর লক্ষ্য শুধু বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রা পূরণ নয়; কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের দৃশ্যমান অবদান নিশ্চিত করা।

জানা গেছে, যথাযথ যাচাই, নজরদারি ও সুশাসন ছাড়া দ্রুত ঋণ সম্প্রসারণ পরবর্তী সময়ে খেলাপি ঋণ বাড়াতে পারে। তাই ঋণ দেওয়ার আগে ঋণগ্রহীতার সক্ষমতা, নগদ প্রবাহ, ব্যবসার কার্যকারিতা, খাত নির্বাচন, একই গ্রুপে মোট ঋণ এবং প্রকৃত মালিকানা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বড় ঋণের ক্ষেত্রে শুধু জামানতের ওপর নির্ভর না করে ঋণ পরিশোধের প্রকৃত সক্ষমতা বিবেচনার তাগিদ দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের আকার ও আর্থিক ব্যবস্থায় ভূমিকার কারণে এর সুশাসন অন্যদের অনুসরণ করার মতো হওয়া উচিত। পরিচালনা পর্ষদকে দৈনন্দিন ঋণ প্রশাসনে অতিরিক্ত যুক্ত না হয়ে কৌশল, নীতি তদারকি, ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনার জবাবদিহিতে গুরুত্ব দিতে বলা হয়েছে। ঋণ সুশাসন, ঝুঁকির কেন্দ্রীভবন, সংশ্লিষ্ট পক্ষকে ঋণ, বড় ঋণের মান, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, নিরীক্ষা, পরিপালন ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতেও পর্ষদের নজর প্রয়োজন।

বড় শাখা নেটওয়ার্কের পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ করে লেনদেন ব্যয় কমানো ও গ্রাহকসেবা উন্নত করার সুযোগ রয়েছে। সরকারি অর্থ পরিশোধ, পেনশন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রবাসী আয়, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খুচরা ব্যাংকিংয়ে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সফটওয়্যারের পাশাপাশি কার্যপ্রক্রিয়া, সাইবার নিরাপত্তা, তথ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন ব্যবস্থার সমন্বয়ও জরুরি।

সভায় আগামী ১২ থেকে ২৪ মাসের অগ্রাধিকার হিসেবে খেলাপি ও ঋণ হিসাব থেকে বাদ দেওয়া ঋণ থেকে নগদ আদায় বাড়ানো, মানসম্পন্ন ঋণ দিয়ে অগ্রিম-আমানত অনুপাত যৌক্তিক পর্যায়ে নেওয়া, ক্ষুদ্র, ছোট, মাঝারি ও কুটির শিল্প, কৃষি ও উৎপাদনশীল খাতে অর্থায়ন বাড়ানো, টেকসই মুনাফা ও ব্যয় দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশাসন শক্তিশালী করা, ডিজিটাল ব্যাংকিং ও গ্রাহকসেবা সম্প্রসারণ এবং কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরির কথা বলা হয়েছে।

সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান আমার দেশকে বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনার আলোকে ব্যাংকিং কার্যক্রম পরচিালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন