বাবার কাছ থেকে জন্মদিনের উপহার পেতে সন্তানের কতই না অপেক্ষা! আর সেই উপহার যদি আসে হাজার মাইল দূরের ক্রিকেট মাঠ থেকে, সেটি হয়ে ওঠে আরো বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে মেয়েকে তেমনই এক উপহার দিয়েছেন লিটন দাস। নিজের দুর্দান্ত ইনিংসটি উৎসর্গ করেছেন মেয়ে আনায়রাকে। শতক পূরণের পর পকেট থেকে বের করা হাতে লেখা বার্তায় জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও।
আজ ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালে ৯২ রান নিয়ে ব্যাটিং শুরু করেন লিটন। সেঞ্চুরি থেকে তখন মাত্র আট রান দূরে। দিনের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের শর্ট বল পুল করে সীমানাছাড়া করেন তিনি। ছক্কায় পূর্ণ হয় তিন অঙ্কের ঘর। ১৫৫ বলে পাওয়া এই সেঞ্চুরিতে ছিল ১২টি চার ও একটি ছক্কা।
শতক পূরণের পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদযাপন করেন লিটন। এরপর পকেট থেকে বের করেন একটি কাগজ। সেখানে লেখা ছিলÑ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই ১০০ তোমার জন্য।’ লিটনের মেয়ে আনায়রার তৃতীয় জন্মদিন ছিল দিনটিতে। মাঠের দূরত্ব ঘুচিয়ে ব্যাটের ভাষায় মেয়েকে ভালোবাসার বার্তা পৌঁছে দেন বাংলাদেশি এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি লিটনের প্রথম টেস্ট সেঞ্চুরি, আর সাদা পোশাকে ক্যারিয়ারের অষ্টম। তার এই ইনিংসের ভিত গড়ে দিয়েছিল আগের দিনের লড়াই। ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। পরে হৃদয় ও লিটনের ২০৬ রানের জুটি দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়।
শেষ পর্যন্ত ১৭৯ বলে ১২০ রান করে আউট হন লিটন। তার ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। ব্যক্তিগত মাইলফলকের পাশাপাশি মেয়ের জন্মদিনে এমন উপহার দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখলেন তিনি। ক্রিকেট মাঠে সেঞ্চুরি অনেকেই করেন; কিন্তু সব শতকের পেছনে এমন ব্যক্তিগত গল্প থাকে না। লিটনের এই সেঞ্চুরির গল্প তাই শুধু রানের নয়, বাবা-মেয়ের ভালোবাসারও।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

