লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের সাফল্যকে পুঁজি করে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ইতিবাচক প্রভাব ফেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। সাম্প্রতিক সময়ে লাল ও সাদা দুই বলেই চমৎকার বোলিং করা এই তরুণ তুর্কি ডারউইনের চেনা পরিবেশ ও উইকেটের সুবিধা নিয়ে দলকে জয় উপহার দিতে প্রস্তুত।
গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও আসন্ন সিরিজ নিয়ে বিস্তারিত পরিকল্পনা শেয়ার করেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার ডারউইনের কন্ডিশন নিয়ে ইতিবাচক বার্তা দিয়ে হাসান জানান, ‘কন্ডিশন খুব কাছাকাছি। ডারউইনের আবহাওয়া বাংলাদেশের মতো অনেকটা, একটু গরম আছে।’
জাতীয় দলের প্রয়োজনকে ব্যক্তিগত বা ফ্র্যাঞ্চাইজি স্বার্থের ঊর্ধ্বে রাখার কথাই জানালেন হাসান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ টিম। আগে নিজের দেশ তারপর অন্য খেলা। অবশ্যই আমাকে যেতে হবে। কয়েকজন ফাস্ট বোলার ইনজুরিতে আছে। সামনে অনেক বড় সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ। আমরা খুবই পজিটিভ, খুব ভালো খেলার ব্যাপারে। আমাদের সেরাটা দেব। ভালো একটা জায়গা করে নেব।’
উইকেট থেকে বোলাররা ভালো সুবিধা পাবেন উল্লেখ করে তিনি আরো যোগ করেন, ‘পিচ থেকে সহায়তা পাব। পেস বোলার হিসেবে মুভমেন্ট, বাউন্স পাব। পেস বোলারদের জন্য অনেক কিছু আছে যদি আমরা আমাদের প্রসেসে থাকি এবং ভালো শুরু করি।’
সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টিতে দুই সংস্করণেই খেলে এসেছেন এই পেসার। দুর্দান্ত পারফর্ম করায় পরবর্তী মৌসুমেও তার সঙ্গে চুক্তির আগ্রহ প্রকাশ করেছে কাউন্টি দলগুলো। এ বিষয়ে হাসান বলেন, ‘যখন একটা দলের হয়ে ভালো করবেন এবং পরের বছরও আপনাকে চাইবে, একজন স্পোর্টসম্যান হিসেবে এটা অনেক ভালো অনুভূতি। তাদের সংস্কৃতি, ক্রিকেট—সবই আমাকে ভালো অভিজ্ঞতা এনে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এটা ভালো কাজে দেবে।’
দীর্ঘ প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদের মুখোমুখি হওয়াকে ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হিসেবে দেখছেন হাসান মাহমুদ। সফর নিয়ে নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমার প্ল্যানের কথা বললে, চাইব নিজের সেরাটা দিয়ে খেলতে। কাউন্টিতে যেভাবে শুরু করেছি, সেই ধারাবাহিকতা রেখে বল করি, দলের জন্য উইকেট নিই এবং অবদান রাখি।’
অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করার স্বপ্ন প্রকাশ করে তিনি বলেন, ‘১০-১১ বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট, এবার আবার ওদের মাটিতে। আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সবার স্বপ্ন থাকে দেশের বাইরের টেস্টে ভালো পারফর্ম করা, জয় নিয়ে আসা। সেটা সবার স্বপ্ন থাকবে, চেষ্টা থাকবে টুর্নামেন্ট আমাদের করে নেওয়ার।’
কাউন্টি এবং এলপিএলের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক মঞ্চে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে হাসান মাহমুদের এই ফর্ম আসন্ন সিরিজে বাংলাদেশ পেস আক্রমণের মূল হাতিয়ার হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

