সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে প্রথমবারের মতো স্পষ্ট মন্তব্য করলেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, ভারতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তের পেছনে ছিল রাজনৈতিক কারণ। তবে এ বিষয়ে এর বেশি কিছু বলতে চাননি তিনি।
বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলছেন মিরাজ। সেখানেই ভারতীয় ক্রীড়া সাংবাদিক বরিয়া মজুমদারের ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ, ভারত সিরিজ, নেতৃত্ব এবং বাংলাদেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মিরাজ সংক্ষিপ্ত উত্তর দেন, ‘আমি মনে করি এটি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।’
বিশ্বকাপে খেলতে না পারার হতাশার কথাও গোপন করেননি বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের অনেক তরুণ ক্রিকেটারেরও সেই সুযোগ পাওয়ার আশা ছিল। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি সবাই জানে।’
ভারত সফর ও ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়েও আশাবাদী মিরাজ। তার ভাষায়, ‘আমরা এই সিরিজ নিয়ে খুবই রোমাঞ্চিত। অনেক দিন পর ভারতের বিপক্ষে খেলব। তারা শক্তিশালী দল, তবে নিজেদের মাঠে ভালো ক্রিকেট খেলতে আমরা মুখিয়ে আছি।’
ভারতে খেলতে ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলেন কি না— এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘হ্যাঁ, সবাই ভারতে গিয়ে খেলতে চায়।’
সাক্ষাৎকারে উঠে আসে ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় ওয়ানডে জয়ের প্রসঙ্গও। সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতানোর স্মৃতি মনে করে মিরাজ বলেন, ‘ওই মুহূর্তটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলোর একটি। আমরা শুধু ইতিবাচক থেকে এক বল করে এগোতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত সেটি স্মরণীয় এক জয় হয়ে যায়।’*
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণ নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। মিরাজ বলেন, ‘তামিম ভাই দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। আমি মনে করি, বিসিবিকে নেতৃত্ব দেওয়া তার জন্য দারুণ একটি সুযোগ। তিনি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি।’
এলপিএলে নিজের প্রথম অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট বাংলাদেশের অলরাউন্ডার। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার শ্রীলঙ্কা সফর করলেও ফ্র্যাঞ্চাইজি লিগটিতে এবারই প্রথম খেলছেন এবং নতুন এই অভিজ্ঞতা উপভোগ করছেন।
গল গ্যালান্টসে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকার নেতৃত্বে খেলার অভিজ্ঞতা নিয়েও প্রশংসা করেন মিরাজ। তার মতে, ‘শানাকা একজন অসাধারণ টি-টোয়েন্টি ক্রিকেটার এবং খুব ভালো অধিনায়ক। দুর্ভাগ্যজনকভাবে একটি ম্যাচ আমরা হেরেছি, তবে তিনি দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন।’
নিজের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী মিরাজ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়সহ সাম্প্রতিক সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে বড় টুর্নামেন্টে ভালো করতে হলে প্রতিনিয়ত উন্নতি করা এবং বিভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার বিকল্প নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

