পাকিস্তানের ব্যাটিং দুর্বলতা কাটাতে অবশেষে স্থায়ী ও অভিজ্ঞ কোচ পেল পাকিস্তান ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে দুবছরের চুক্তিতে জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি আজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
৪৬ বছর বয়সি স্মিথ পাকিস্তানের সাদা ও লাল বল—উভয় সংস্করণের দলের সঙ্গেই কাজ করবেন। দীর্ঘদিন ধরে এই বিশেষায়িত পদটি শূন্য ছিল। গত সপ্তাহে তারোবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের লজ্জাজনক ব্যাটিং বিপর্যয়ের পর বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের দাবি আরো তীব্র হয়ে ওঠে। আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই জাতীয় স্কোয়াডে যোগ দেবেন তিনি।
উমর গুল দীর্ঘদিন ধরে বোলিং কোচের দায়িত্ব পালন করলেও জাতীয় দলে কোনো সংস্করণে পূর্ণকালীন ব্যাটিং কোচ ছিলেন না। মাঝেমধ্যে জাতীয় নির্বাচক আসাদ শফিক এ দায়িত্ব সামলালেও এবার স্থায়ীভাবে সেই গুরুভার বুঝে নিচ্ছেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলার সুযোগ না থাকলেও কোচ হিসেবে তার ঝুলিতে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। ‘লেভেল-৪’ ডিগ্রিধারী এই কোচ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতানসের হয়ে কাজ করায় পাকিস্তান ক্রিকেট সম্পর্কে ভালো করেই জানেন।
এ ছাড়া অস্ট্রেলিয়ার ঘরোয়া দল হোবার্ট হ্যারিকেনস ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দলের কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণি, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৭ হাজারের অধিক রান করা এই ডানহাতি ব্যাটসম্যান ৯ সেঞ্চুরি ও ৪০টি ফিফটির মালিক।
সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান ব্যাটিং লাইনআপকে চেনা ছন্দে ফেরানোই হবে স্মিথের প্রথম বড় চ্যালেঞ্জ। ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে দেশের বাইরে টানা আট টেস্ট হেরেছে পাকিস্তান। আসন্ন ইংল্যান্ড সিরিজ তাই টেস্ট ক্রিকেটে নিজেদের ভাগ্যের চাকা ঘোরানোর পাশাপাশি ব্যাটিংয়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার প্রথম বড় সুযোগ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

