নির্ধারিতে সময়ের আগেই স্কুল ছুটি, সুনামগঞ্জে ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিস

নির্ধারিতে সময়ের আগেই স্কুল ছুটি, সুনামগঞ্জে ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিস

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগে চার সহকারী শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিস জারি করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

কারণ দর্শানোর নোটিসপ্রাপ্ত শিক্ষকেরা হলেন—শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী দাশ, রহমতা আক্তার, রুমী তালুকদার ও অর্চনা দেবী।

নোটিসে উল্লেখ করা হয়, গত বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে শিক্ষকেরা চলে যান। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ ও কর্মস্থলে অনুপস্থিত থাকা চরম দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচয় দেয়।

কেন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানান, নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগে চার সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন